মার্কিন পণ্যে নতুন শুল্ক বসাচ্ছে কানাডা
যোগফল প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যের ওপর পালটা শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে নতুন করে শুল্ক কার্যকর হবে।
শনিবার (২২ আগস্ট) রাজধানী অটোয়ায় এক বক্তব্যে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যে পালটা শুল্ক আরোপ করা হবে। কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি কানাডা থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে ওয়াশিংটন। শুল্কের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার সরঞ্জাম ও হকি সরঞ্জাম।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে কয়েক দিনের বাণিজ্য আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর ফলে দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার ও মিত্র দুই দেশের সম্পর্ক আরও টানাপোড়েনের মধ্যে পড়েছে।
কানাডার পালটা শুল্ক আরোপের ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে আসছে।
‘অন্যায্য শর্ত মেনে নেবে না কানাডা’
মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য আলোচনা শুরুতে ইতিবাচক থাকলেও শেষ দিকে ওয়াশিংটন এমন কিছু শর্ত দিয়েছে, যা কানাডার অর্থনীতির জন্য ক্ষতিকর ও অন্যায্য।
তাঁর ভাষ্য, এসব শর্ত মেনে নিলে ভবিষ্যতে কানাডার নতুন বাণিজ্য চুক্তি করার সক্ষমতা সীমিত হয়ে যেতে পারে। তাই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাব গ্রহণ করা কানাডার পক্ষে সম্ভব নয়।
আলোচনার সময় কানাডার ফরাসি ভাষা ও ফরাসিভাষী প্রদেশ কুইবেকের সংস্কৃতি নিয়েও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু অগ্রহণযোগ্য চাপ বা হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন কার্নি।
যুক্তরাষ্ট্র কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর। এরপরও মার্কিন শুল্কের জবাবে পালটা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্নি।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমাতে নতুন বাণিজ্যিক অংশীদারিত্ব ও সামরিক জোট গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন