বাংলাদেশের মাঠ নিয়ে সন্তুষ্ট ব্রাজিলের প্রতিনিধি দল
যোগফল প্রতিবেদক:
বাংলাদেশের মাঠ ও স্টেডিয়ামের সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামকে ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, তা যাচাই করতেই প্রতিনিধি দলটি স্টেডিয়াম পরিদর্শন করে।
রোববার (২৩ আগস্ট) ভারত থেকে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামের মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, পানি দেওয়ার পদ্ধতি, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন ব্রাজিলের প্রতিনিধিরা। এ সময় মাঠের রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্টেডিয়ামের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্রাজিলের প্রতিনিধিরা। তবে পরিদর্শনের পর এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি তারা।
ইকবাল হোসেন বলেন, ব্রাজিলের প্রতিনিধি দল জানিয়েছে, ভবিষ্যতে অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য ঢাকার এই মাঠকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করা হতে পারে। এমনকি বাংলাদেশের বিপক্ষেও ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিষয়টি নিয়ে তারা পরে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচের আগে ব্রাজিল ঢাকায় অনুশীলন করবে কি না, সে বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানান ইকবাল।
পরিদর্শনের সময় মাঠের ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থা এবং ঘাসের মান বিশেষভাবে পর্যবেক্ষণ করেন ব্রাজিলের প্রতিনিধিরা। মাঠের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের কাছ থেকেও বিভিন্ন তথ্য নেন তারা।
ইকবাল হোসেন জানান, স্টেডিয়ামের বাকি কাজগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হওয়ার কথা ব্রাজিলের প্রতিনিধিদের জানানো হয়েছে। প্রয়োজন হলে কাজ শেষ হওয়ার পর তারা আবারও জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারেন।
ব্রাজিলের প্রতিনিধি দলটি রোববার রাতেই ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এ ছাড়া বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পর জাতীয় স্টেডিয়ামকে ব্রাজিলের ম্যাচের সম্ভাব্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন