খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র, ১৪৩৩

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ: রাজধানীতে আরও ১৫ জনের একদিনের রিমান্ড

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগ: রাজধানীতে আরও ১৫ জনের একদিনের রিমান্ড

প্রতিকী ছবি

অনলাইন ডেস্ক / যোগফল


১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের আরও ১৫ নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ডের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে যাওয়া ১৫ আসামি হলেন—লিমন খান, দেওয়ান ইসমাইল, ফাহিম মিয়া, রতন, রাকিব ওরফে রাফি, রাতুল শীল, মিনারুল মিয়া, মাসুদ রানা ওরফে লিমু, জিহাদ হাসান, আবু সাইম ওরফে সায়েম বাবু, ফাহিম, শাকিল মিয়া, রাজিব, সানি ও রাজন মিয়া।

মামলার নথি অনুযায়ী, গত ১৩ আগস্ট রাতে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এম-ব্লক, রোড-২৮-এর একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫২ জনকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তারা ১৫ আগস্ট উপলক্ষে একত্রিত হয়ে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।

অভিযানের সময় দুটি আইফোন, একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা মোবাইল ফোন এবং তিনটি ব্যানার জব্দ করা হয় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। ব্যানারগুলোর একটিতে ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজনের কথা উল্লেখ ছিল। কয়েকটি ব্যানারে সংগঠনের নেতাকর্মীদের ছবি ছিল বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও দাবি করে, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়েছিলেন। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

পরদিন ৫২ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। একই সঙ্গে দুই কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করা হয়। আদালত ৫২ জনকে কারাগারে এবং দুই কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৫ আগস্টের ঘটনায় ১৫ জনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই হাফিজুর রহমান। ওই আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করেছিলেন আদালত।

এদিন আসামিদের আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবী ইসলাম মিয়া রাকিব রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় যুবলীগ নেতা মোতালিব, যুবলীগ নেত্রী মেহেজাবীন আক্তার মালা, রুবেল, জি কে মাসুদ, অন্তর মিয়া, রমজান, মামুন, মিঠু ওরফে আমির হোসেন, আব্দুর রহমান ওরফে আব্দুল্লাহ, সুমন মিয়া, আরিফ মিয়া, মোস্তাক মিয়া, সাইম হোসেন, জাহিদ হাসান ও শাহিন হোসেন ইমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে মো. তারেক, তারেক, শাহিন, ফয়সাল, মামুন মিয়া, মুন্না, তামজিদ মিয়া নয়ন, ইয়াছিন, জামিল, রাকিবুল হাসান রাতুল, ফয়সাল, সিয়াম, শরিফ, সাদিকুর রহমান পায়েল, শাহিন আলম, আব্দুল আলী বাবু, অনিক, তারিকুল ইসলাম, আ. রহমান, ইয়ামিন মিয়া, আতিক ও আশিক কারাগারে রয়েছেন। ঈশান ও হাসিব নামে দুই কিশোরকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

যোগফল নিউজ

অবহেলিত মাতামুহুরী এখন অর্থনৈতিক সম্ভাবনার নতুন কেন্দ্র

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ৩:৩৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অবহেলিত মাতামুহুরী এখন অর্থনৈতিক সম্ভাবনার নতুন কেন্দ্র

যোগফল প্রতিবেদক:

প্রকৃতি যেন তার সব সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায়। একদিকে বিস্তীর্ণ লবণ মাঠ, অন্যদিকে নীল জলে বাগদা চিংড়ির চাষ। এর মাঝেই ধান ও সরিষার সবুজ-সোনালি ফসলের সমারোহ। নদী, উপকূল, কৃষি, মৎস্য ও লবণ—সব মিলিয়ে মাতামুহুরী হয়ে উঠতে পারে দেশের উপকূলীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল।

চকরিয়া উপজেলা থেকে পৃথক হয়ে গড়ে ওঠা মাতামুহুরীর অর্থনীতির প্রধান ভিত্তি কৃষি, চিংড়ি ও মৎস্যচাষ, লবণ উৎপাদন এবং উপকূলীয় ব্যবসা। বিশেষ করে চিংড়ি চাষ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের জীবিকা ও স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এখানকার উৎপাদিত বাগদা চিংড়ি দেশের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মাধ্যমে বিদেশের বাজারেও যাচ্ছে।

জানা যায়, ষাটের দশকে জোয়ারের পানি নিয়ন্ত্রণে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের পর সত্তরের দশকে লোনাপানি আটকে চিংড়ি চাষ শুরু হয়। ১৯৭৬ সালে এ এলাকায় আধুনিক পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষের সূচনা হয়। পরে ১৯৭৮ সালে সরকারি জমি বন্দোবস্ত এবং ১৯৮২ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এ অঞ্চলে চিংড়ি চাষ আরও বিস্তৃত হয়।

বর্তমানে মাতামুহুরীর চিংড়ি দেশের বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের মাধ্যমে ইউরোপ ও আমেরিকার বাজারে রপ্তানি হচ্ছে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি স্থানীয় পর্যায়েও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে বিস্তীর্ণ লবণ মাঠ দেশের লবণের চাহিদা পূরণে ভূমিকা রাখছে। ফলে কৃষি ও মৎস্যের পাশাপাশি লবণ শিল্পও এ অঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে নানা চ্যালেঞ্জ। মাতামুহুরী নদী স্থানীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম উৎস হলেও বর্ষায় পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও নদীর পানি বেড়ে যাওয়ায় প্রায়ই বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। নোনা পানি ঢুকে কৃষিজমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় চিংড়িঘের। এ উপজেলায় প্রায় ১৪ হাজার ১৫৮ হেক্টর জমিতে চাষাবাদ হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব কৃষিজমি ক্রমেই নানা ঝুঁকির মুখে পড়ছে।

চিংড়ি চাষেও রয়েছে একাধিক সমস্যা। উৎপাদন ব্যয় বৃদ্ধি, রোগবালাই ও মড়ক, বাজারদরের ওঠানামা, মধ্যস্বত্বভোগীদের প্রভাব এবং ঘেরের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেক চাষি।

চিংড়িচাষি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, চিংড়ি চাষে মাতামুহুরীর সম্ভাবনা অনেক। তবে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ঘেরের নিরাপত্তা নিয়েও আতঙ্কে থাকতে হয়। তার অভিযোগ, কখনো কখনো দুর্বৃত্তরা ঘেরে হামলা ও ভাঙচুর চালিয়ে মাছ লুট করে নিয়ে যায়। এ অবস্থায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি চাষিদের নিরাপত্তা ও সহযোগিতা চান তিনি।

সাহারবিল ইউনিয়নের কৃষক বেলাল উদ্দিন বলেন, বর্ষায় জলাবদ্ধতা ও লবণাক্ততার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। নদীর বাঁধ সংস্কারের পাশাপাশি পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা করা গেলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী বলেন, কৃষকদের জলবায়ু-সহনশীল বীজ ও সার সহায়তা দেওয়া হচ্ছে। পরিবর্তিত আবহাওয়ায় ফসল রক্ষায় মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হচ্ছে।

চকরিয়া ও মাতামুহুরী উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন বলেন, মৎস্য ও চিংড়ি খাতে মাতামুহুরীর ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জাফর ইকবাল ভূঁইয়া জানান, চলতি লবণ মৌসুম শেষ হওয়ায় মাতামুহুরী উপজেলার লবণ উৎপাদনের তথ্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়নি। আগামী মৌসুম থেকে এ উপজেলার উৎপাদনের তথ্য আলাদাভাবে পাওয়া যাবে। তবে মাতামুহুরী পৃথক উপজেলা হওয়ার আগে পুরো চকরিয়া উপজেলায় ২০২৫-২৬ মৌসুমে মোট ১ লাখ ১৯ হাজার ৪০০ মেট্রিক টন লবণ উৎপাদিত হয়েছে।

দীর্ঘদিন চকরিয়া উপজেলার ওপর প্রশাসনিকভাবে নির্ভরশীল থাকার পর মাতামুহুরী পৃথক উপজেলা হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। সাত ইউনিয়নের প্রায় তিন লাখ মানুষের প্রত্যাশা, নতুন উপজেলা প্রতিষ্ঠার ফলে যোগাযোগ, অবকাঠামো, সরকারি সেবা ও বিনিয়োগে গতি আসবে।

সচেতন মহলের মতে, শুধু প্রশাসনিক মর্যাদা পেলেই মাতামুহুরীর কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত হবে না। কৃষি, মৎস্য ও লবণভিত্তিক অর্থনীতিকে টেকসই করতে প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা। স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নদী-জলাশয় ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

সঠিক পরিকল্পনা, সরকারি বিনিয়োগ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা গেলে নদী, উপকূল, কৃষি ও মৎস্যসম্পদে সমৃদ্ধ মাতামুহুরী ভবিষ্যতে দেশের উপকূলীয় ব্লু ইকোনমির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সাব্বিরের ঝড়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ৩:৫১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাব্বিরের ঝড়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

যোগফল প্রতিবেদক:

অস্ট্রেলিয়ায় চলমান টপএন্ড টি-টোয়েন্টিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ে হোবার্ট হারিকেন্স একাডেমিকে ৩ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি। শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে বোলাররা। ইনিংসের প্রথম ওভারে জ্যাক ডোরানকে ফেরান আবু হায়দার রনি। পরের ওভারে নিভেথান রাধাকৃষ্ণণকে আউট করেন মোহাম্মদ রুবেল।

দুই উইকেট হারানোর পর ব্র্যাডলি হোপ ও টিগুই ওয়াইলি মিলে প্রতিরোধ গড়েন। তাদের জুটি থেকে আসে ৩৮ রান। ১৭ বলে ২২ রান করে হোপ ফিরলে দলের হাল ধরেন ওয়াইলি। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ৫৩ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৭৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওয়াইলির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স একাডেমি।

বাংলাদেশ এইচপির হয়ে বল হাতে রুবেল নেন তিনটি উইকেট। রিপন মণ্ডল শিকার করেন দুটি। আর আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন নেন একটি করে উইকেট।

১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। হাবিবুর রহমান সোহান ও আরিফুল ইসলাম দ্রুত ফিরে যান। এরপর জিসান আলম ও অধিনায়ক ইরফান শুক্কুরও বড় ইনিংস খেলতে পারেননি।

তবে চার নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের চিত্র পাল্টে দেন সাব্বির রহমান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে হোবার্টের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। একের পর এক চার-ছক্কায় দ্রুত রান তুলতে থাকেন সাব্বির। মাত্র ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতক।

তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে আউট হন সাব্বির। তার বিদায়ের আগেই বাংলাদেশ জয়ের ভিত শক্ত করে ফেলেছিল।

এরপর শামীম ২৪ বলে ১৬ ও এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করেন। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইনের ১৩ বলে ১৯ এবং আবু হায়দার রনির ৫ বলে অপরাজিত ৮ রানে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

এই জয়ের মধ্য দিয়ে টপএন্ড টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এইচপি। আর সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিং ফের একবার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার সুযোগ তৈরি করেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

যোগফল প্রতিবেদক:

দেশের মানুষের চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত মাছের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, উৎপাদন বাড়াতে গিয়ে কোনোভাবেই গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষি ও মৎস্যপণ্যের গ্রহণযোগ্যতা বাড়াতে গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর বনানীর একটি হোটেলে ফিশটেক বিডি লিমিটেড আয়োজিত ‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে খাদ্য উৎপাদনে বড় ধরনের ঘাটতি নেই। তবে মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদন এখন বড় চ্যালেঞ্জ। কৃষিভিত্তিক পণ্য রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে হলে গুণগত মানসম্পন্ন কৃষি ও মৎস্যপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এই জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্থিতিশীল করতে পারলে সামগ্রিক অর্থনীতিও আরও শক্তিশালী হবে। কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য হতে হবে একদিকে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা।

গবেষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আরও গবেষণা প্রয়োজন। মানুষের জন্য নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদনে এমন কোনো পদ্ধতি গ্রহণ করা উচিত নয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

পেস্টিসাইডের ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, মাটি, পানি ও মানুষের জন্য ক্ষতিকর পেস্টিসাইডের ব্যবহার কমাতে সরকার কাজ করছে। মাটি ও পানিদূষণ কমানোর কোনো বিকল্প নেই।

তিনি জানান, দেশের মাটি ও পানিতে হেভি মেটালের উপস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। পানিতে লেড ও আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান পাওয়ার পাশাপাশি চালেও হেভি মেটালের উপস্থিতির বিষয়টি সামনে এসেছে। এসব উপাদান মাটি, ভূগর্ভস্থ পানি, সার নাকি পেস্টিসাইড থেকে আসছে—তা চিহ্নিত করতে গবেষণা করা হচ্ছে।

ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। দেশের বিভিন্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, নদীর মিঠাপানি সেচকাজে ব্যবহার করে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো বা বন্ধ করা যায় কি না, তা নিয়ে ভাবতে হবে।

কৃষিবিষয়ে পড়াশোনা করা তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের সহায়তা করতে সরকার প্রস্তুত।

দেশি জাতের গবাদিপশুর সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বের অন্যতম ভালো জাত। এর উৎপাদনশীলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। দেশি জাতের এই সম্পদ সংরক্ষণ ও বিকাশে আরও গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক। বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের ডেপুটি হেড অব মিশন জন্না ভ্যান ডের লিন্ডেনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফিশটেক বিডি লিমিটেডের চেয়ারম্যান খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রান্তিক পর্যায়ের খামারি এবং ফিশটেকের কর্মকর্তারা অংশ নেন।

‘অ্যাকুয়াকালচার নলেজ ডে-২০২৬’ অনুষ্ঠানে আধুনিক মৎস্য প্রযুক্তি, পরিবেশবান্ধব চাষ পদ্ধতি, বাস্তুতন্ত্র সংরক্ষণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম