সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার
যোগফল প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় হামলার বিষয়টি তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোররাত দেড়টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারে অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এমপি আয়নুল হকের ওপর হামলার মামলার প্রধান আসামি তমালকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, হামলার ঘটনা তদন্তে ৯ সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং ভিপি শামীম খানকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে কমিটি গঠন করা হয়।
ঘটনার সূত্রপাত গত ১৫ আগস্ট সন্ধ্যায়। সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভা শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন।
মামলা দায়েরের পর ওইদিন রাতেই এজাহারভুক্ত দুই আসামি—হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদিরকে গ্রেপ্তার করে পুলিশ।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন