খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১ ভাদ্র, ১৪৩৩

সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

যোগফল প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা এবং শেরেবাংলা নগর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার মধ্যে রয়েছে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা। এছাড়া বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকা এর আওতায় থাকবে।

পাশাপাশি পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন ২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকাতেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি, পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী আটক, উদ্ধার ২ বার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী আটক, উদ্ধার ২ বার

 যোগফল প্রতিবেদক:

যশোরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুইটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১৯২ দশমিক ৪৫ গ্রাম। বিজিবির হিসাবে এর বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল।

আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, তল্লাশির সময় তার শরীরের বিশেষ স্থানে কৌশলে লুকিয়ে রাখা দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানিয়েছে, ঢাকার একটি স্থান থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল সে।

আটকের পর উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য মালামাল জব্দ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

লাল পোলকা ডটে অপু বিশ্বাস, রাতে দিলেন ‘সুন্দর স্বপ্নের’ বার্তা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লাল পোলকা ডটে অপু বিশ্বাস, রাতে দিলেন ‘সুন্দর স্বপ্নের’ বার্তা

যোগফল প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিগত স্টাইলের কারণেও নিয়মিতই ভক্তদের নজর কাড়েন তিনি। এবার রাতের স্নিগ্ধ মুহূর্তের একটি ছবি প্রকাশ করে ভক্তদের শুভরাত্রির বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন অপু বিশ্বাস। ছবিতে তাকে লাল রঙের পোলকা ডট পোশাকে দেখা যায়। হাসিমুখের স্বাভাবিক ও আকর্ষণীয় উপস্থিতিতে ছবিটি বেশ নজর কেড়েছে।

ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত রাত, সুন্দর স্বপ্ন। শুভরাত্রি!’

তার এই পোস্টের পর ভক্তদের মধ্যেও দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। অনেকে তার সাজ ও লুকের প্রশংসা করেছেন।

ফ্যাশনে পোলকা ডট প্রিন্টকে দীর্ঘদিন ধরেই ক্লাসিক ও ট্রেন্ডি হিসেবে বিবেচনা করা হয়। ক্যাজুয়াল কিংবা স্বস্তিদায়ক পোশাকেও এই ধরনের নকশা সহজেই স্টাইলিশ আবহ তৈরি করে। রাতের স্নিগ্ধ পরিবেশে লাল পোলকা ডট পোশাকে অপু বিশ্বাসের উপস্থিতিও তাই পেয়েছে আলাদা মাত্রা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

‘শেষ কথা একটাই, আরকানে ফিরতে চাই

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
‘শেষ কথা একটাই, আরকানে ফিরতে চাই

যোগফল প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং গণহত্যার বিচারের দাবিতে বিশাল সমাবেশ করেছেন রোহিঙ্গারা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উখিয়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোহিঙ্গা সংকটের নয় বছর পূর্তি ও ‘জেনোসাইড ডে’ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে নারী, পুরুষ ও শিশুরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন। সমাবেশস্থলে তাদের মুখে ছিল নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা।

সমাবেশের একপর্যায়ে প্রায় ১০ মিনিট ধরে রোহিঙ্গা ভাষায় ‘শেষ হতা এক্কান, ফিরতে চাই আরকান’—অর্থাৎ ‘শেষ কথা একটাই, আরকানে ফিরতে চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় নিজেদের অধিকার ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

সমাবেশে ২০১৭ সালের সহিংসতায় নিহতদের স্মরণ, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, গণহত্যার বিচার ও জবাবদিহি নিশ্চিতের দাবি এবং মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ২০১৭ সালের সহিংসতার নয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি হারানোর কষ্ট এবং নিজ দেশে ফিরতে না পারার হতাশা কাটেনি। তারা নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও নিজ ভিটেমাটিতে ফেরার অধিকার নিশ্চিত করে প্রত্যাবাসনের দাবি জানান।

রোহিঙ্গা অধিকারকর্মী মোহাম্মদ রফিক বলেন, দীর্ঘ নয় বছর ধরে তারা শরণার্থী হিসেবে জীবনযাপন করছেন। বাংলাদেশ মানবিক কারণে আশ্রয় দিলেও তারা নিজেদের দেশে ফিরে যেতে চান। আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানান তিনি।

ইউসিআরের প্রেসিডেন্সিয়াল প্যানেলের সদস্য মোহাম্মদ সৈয়দ উল্লাহ বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের মানবিক সহায়তার জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা মিয়ানমারে নিজেদের জন্মভূমিতে ফিরে গিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে চান।

তিনি বলেন, প্রত্যাবাসন শুধু সীমান্ত পার করে মিয়ানমারে পাঠানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সেখানে ফিরে যাওয়ার পর রোহিঙ্গাদের নিরাপত্তা, অধিকার, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও জীবিকার নিশ্চয়তা থাকতে হবে। প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ।

সমাবেশে বার্মিজ ভাষায় বক্তব্য দেন ইউসিআরের নেতা মাস্টার শোয়েব। তিনি রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা কামনা করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবারও রোহিঙ্গাদের এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএনের সদস্যরা দায়িত্ব পালন করেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম