নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ
যোগফল প্রতিবেদক:
সারসংক্রান্ত কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা ও পরামর্শ দিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে।
মঙ্গলবার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে এই কমিটি। পাশাপাশি এসব বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্বও পালন করবে কমিটি। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটি গঠনের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন কমিটির মাধ্যমে দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও ডিলার নিয়োগ কার্যক্রমে নজরদারি বাড়ানোর পাশাপাশি কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট সদস্যরা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন