নিখোঁজের একদিন পর ডোবায় শিশুর মরদেহ, গ্রেপ্তার ৪
যোগফল প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে উদ্ধার হওয়া এক শিশুর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আতিকুল কাজী (৩২), শান্ত কাজী (২৩), হাবিব কাজী (২১) ও শিউলী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুন বিকেল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে আড়াইহাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন ২২ জুন সকালে স্থানীয়রা একটি ডোবায় শিশুটির মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত শিশুর পরিবারের অভিযোগ ছিল, তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনায় রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
আড়াইহাজার থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন