গিনিতে বর্জ্যের স্তূপ ধসে নিহত ৩০
যোগফল প্রতিবেদক:
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোণাক্রিতে ভারি বৃষ্টির পর বিশাল বর্জ্যের স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গবেসিয়া এলাকার দার-এস-সালাম বর্জ্য অপসারণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।
গিনির সরকার জানিয়েছে, রাতভর টানা ভারি বৃষ্টিতে বর্জ্যের বিশাল স্তূপ ধসে পড়ে। এতে পাশের বেশ কয়েকটি কাঁচা ঘর ও তাঁবু মাটিচাপা পড়ে। ঘরবাড়িতে থাকা বাসিন্দারাও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ১৬ জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে ঘটনাস্থলে এক্সকাভেটর ব্যবহার করে উদ্ধার অভিযান চলছে।
ঘটনার পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গিনির প্রধানমন্ত্রী আমাদৌ ওউরি বাহ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং উদ্ধারকাজে নিয়োজিতদের সহযোগিতা করার পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই বর্জ্যকেন্দ্র বন্ধ করে অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। গত সপ্তাহে এ বিষয়ে ঘোষণা দেওয়া হলেও স্থানান্তরের কাজ শেষ হওয়ার আগেই ঘটে গেল ভয়াবহ এই দুর্ঘটনা।
গিনি খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও অবকাঠামোগত দুর্বলতা ও দারিদ্র্যের কারণে দেশটিতে বর্ষাকালে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়ে যায়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন