হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭
যোগফল প্রতিবেদক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭ শিশু।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ শিশু হাম আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৮৬ জন। একই সময়ে ৮৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে সমানসংখ্যক শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৭৮।
এ সময়ে মোট ১ লাখ ৩২ হাজার ৫৫৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন