সাগরে ট্রলার ডুবি, ৮ জেলে উদ্ধার; নিখোঁজ ৫
যোগফল প্রতিবেদক:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া ‘এসপি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলারের খোঁজ পাওয়া গেছে। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন পাঁচজন।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সোমবার পাথরঘাটার বিএফডিসি ঘাট থেকে ১৩ জেলেকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা করে ‘এসপি বরকত’। পরে সকাল ১০টার দিকে সাগর উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হলে ট্রলারটি উল্টে যায়।
এ সময় পাশ দিয়ে যাওয়া একটি মাছ ধরার ট্রলার আট জেলেকে জীবিত উদ্ধার করে। তবে বাকি পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ট্রলারের মালিক আশরাফুজ্জামান জানান, তিনি ও আরেক অংশীদারের যৌথ মালিকানায় ট্রলারটি পরিচালিত হচ্ছিল। ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়ার পর তার অংশীদার আরেকটি ট্রলার নিয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে সাগরে রওনা হন।
তিনি জানান, সোমবার বিকেলে অংশীদারের সঙ্গে অল্প সময়ের জন্য যোগাযোগ হয়। তখন তিনি ট্রলারটির অবস্থান শনাক্ত হওয়ার কথা জানালেও নিখোঁজ পাঁচ জেলের সন্ধান পাওয়া যায়নি বলে জানান।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে মালিকপক্ষ ও সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
সর্বশেষ খবর অনুযায়ী, নিখোঁজ পাঁচ জেলের সন্ধানে বঙ্গোপসাগরে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন