গ্যারেজে হাওয়ার ট্যাংক বিস্ফোরণ, আহত ১
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাইয়ে একটি গ্যারেজে কমপ্রেসড এয়ার রিসিভার ট্যাংক (হাওয়ার ট্যাংক) বিস্ফোরণে ইউনুস (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজসহ পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার বড়তাকিয়া বাজারে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় হাওয়ার ট্যাংকটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে গিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে ট্যাংকটি দ্বিখণ্ডিত হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজ ও পাশের দোকানের বিভিন্ন অংশ ভেঙে পড়ে এবং মালামাল ছড়িয়ে-ছিটিয়ে যায়। বিকট শব্দ ও কম্পনে আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত ইউনুস পশ্চিম পোলমোগরা গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান জানান, ইউনুসের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। বিশেষ করে চোখ ও মুখে বেশি আঘাত লেগেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকান খোলেন। এর আগেই ইমন তার গ্যারেজ খুলে হাওয়ার মেশিন চালু করেন। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের সবকিছু কেঁপে ওঠে এবং তার দোকানের বিভিন্ন মালামাল তছনছ হয়ে যায়। এ সময় গ্যারেজের কর্মচারী ইউনুস আহত হন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বড়তাকিয়া বাজারে কমপ্রেসড এয়ার রিসিভার ট্যাংক বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন