যশোরে বিজিবির অভিযানে স্বর্ণ পাচারকারী আটক, উদ্ধার ২ বার
যোগফল প্রতিবেদক:
যশোরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুইটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১৯২ দশমিক ৪৫ গ্রাম। বিজিবির হিসাবে এর বাজারমূল্য প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ৪৯ বিজিবির একটি বিশেষ টহলদল।
আটক ময়ুর মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, তল্লাশির সময় তার শরীরের বিশেষ স্থানে কৌশলে লুকিয়ে রাখা দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
এ ছাড়া তার কাছ থেকে একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানিয়েছে, ঢাকার একটি স্থান থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল সে।
আটকের পর উদ্ধার করা স্বর্ণ ও অন্যান্য মালামাল জব্দ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন