পরকীয়ার অপবাদে নারী-পুরুষকে ১৬ ঘণ্টা খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ
যোগফল প্রতিবেদক:
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অপবাদ দিয়ে এক নারী ও এক পুরুষকে প্রায় ১৬ ঘণ্টা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার বাড়িতে আত্মীয়তার সূত্রে বেড়াতে যান চর চান্দিয়া ইউনিয়নের অলি মাঝি বাড়ির বাসিন্দা এরশাদ উল্লাহ। রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের ঘর থেকে বের করে এনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, এরপর প্রায় ১৬ ঘণ্টা ধরে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে ওই নারীর গলায় জুতার মালাও পরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, নির্যাতনের শিকার নারী চার সন্তানের মা এবং ওই পুরুষ দুই সন্তানের বাবা। একই সঙ্গে ওই নারীকে তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদে বাধ্য করতে একটি প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করে বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে সোনাগাজী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন