অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
অর্থের অভাবে দেশের কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে আর্থিক সহায়তা দেওয়া হবে।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সরকার তা নিশ্চিত করবে। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, গ্রাম-গঞ্জের দরিদ্র পরিবারের যেসব শিশু অর্থের অভাবে পড়াশোনা করতে পারছে না বা স্কুলে যাচ্ছে না, তাদের চিহ্নিত করতে হবে। সরকার তাদের আর্থিক সহায়তা দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করবে।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, দলের তৃণমূল পর্যায়ে পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে কর্মী সংখ্যা বাড়াতে হবে। যোগ্য ব্যক্তিদের দলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, বিএনপি একা চলার দল নয়। দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে দলের পতাকাতলে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে দলের ভাবমূর্তি সমুন্নত রাখারও আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।
কর্মী সম্মেলনে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন