খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র, ১৪৩৩

ভারতে বিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভারতে বিমান দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

ভারতের উত্তর প্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কানপুরের গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে দুই ইঞ্জিনবিশিষ্ট চার আসনের বিমানটি উড্ডয়ন করে। সকাল সাড়ে ১১টার দিকে উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে গঙ্গার তীরের কাছে একটি মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় নিহত দুই পাইলট হলেন গুজরাটের শচীন ভাটিয়া ও কর্ণাটকের অভিষেক পূজারি। তাদের মধ্যে একজন প্রশিক্ষণার্থী এবং অপরজন ছিলেন প্রশিক্ষক। কর্মকর্তারা জানিয়েছেন, নিহত প্রশিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও জরুরি পরিষেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএকেও বিষয়টি জানানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের পাওয়া দৃশ্য অনুযায়ী, ঘাস ও গাছপালায় ঘেরা মাঠে বিমানটি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় পড়ে ছিল। বিমানের ধাতব অংশ দুমড়েমুচড়ে যায় এবং ডানা ও বিভিন্ন সাদা প্যানেল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। তবে কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানটি ২০২৩ সালে গার্গ এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় মোকাবিলায় শক্তি কামনা করেছেন তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টাঙ্গুয়ায় গোসলে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ২:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টাঙ্গুয়ায় গোসলে নেমে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারসংলগ্ন মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার ১৭ নম্বর রাজশাহী সিটি করপোরেশনের মধ্যনওদাপাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, পিকলুসহ ১০ জনের একটি দল মধ্যনগর উপজেলা থেকে পর্যটকবাহী নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দেন। পথে সকাল ১০টার দিকে তাহিরপুরের লামাগাঁও এলাকার মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়।

এ সময় দলের কয়েকজন প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী কিনতে তীরে যান। অন্যদিকে কয়েকজন নৌকা থেকে নদীতে নেমে গোসল করতে থাকেন। পিকলুও তাদের সঙ্গে পানিতে নামেন। একপর্যায়ে তিনি পানির নিচে তলিয়ে যান এবং আর ভেসে ওঠেননি।

খবর পেয়ে স্থানীয়রা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা উদ্ধারে চেষ্টা শুরু করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর পানির নিচ থেকে পিকলুর মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, টাঙ্গুয়ার হাওরে যাওয়ার পথেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাহিরপুর থানার এসআই আবুল হাসনাত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নৌকাটিসহ মরদেহ থানায় নেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে যুবকের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে যুবকের মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

নেত্রকোনার বারহাট্টায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের সঙ্গে হাতাহাতির ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছয়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ছয়গাঁও গ্রামে জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তার চাচাতো ভাই আবুল (৫২) ও হিল্লোলের (৪০) বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে আবুল ও হিল্লোলের ভগিনীপতি সাজু মিয়া রফিকুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন।

আলোচনার একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আবুল ও হিল্লোলের কিল-ঘুসিতে রফিকুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে তিনি মনাষ রোডের একটি দোকানের সামনে গিয়ে বসেন। কিছুক্ষণ পর সেখানেই হঠাৎ ঢলে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার এসআই কাদির আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাবনা জিলা স্কুলে পলিথিনবিরোধী কুইজ ও বৃক্ষরোপণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ২:২৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাবনা জিলা স্কুলে পলিথিনবিরোধী কুইজ ও বৃক্ষরোপণ

 যোগফল প্রতিবেদক:

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে পাবনা জিলা স্কুলে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর, পাবনার সরকারি পরিচালক মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকতার-উজ-জামান।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ওপর পলিথিন শপিং ব্যাগের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বই ও কাগজের কলম পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।

এ ছাড়া কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম