চীনের সহযোগিতায় বাংলাদেশে চালু হচ্ছে মান্দারিন ভাষা প্রশিক্ষণ
যোগফল প্রতিবেদক:
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির সুযোগ বাড়াতে মান্দারিন ভাষা প্রশিক্ষণে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। এ উদ্যোগের আওতায় চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মীদের মান্দারিন ভাষায় প্রশিক্ষণ দেবেন। এ কার্যক্রমে বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে মান্দারিন ভাষা শেখানোর বিষয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। চীন এ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। দেশটির বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে প্রশিক্ষণ দেবেন।
তিনি জানান, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। চীনের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
বৈঠকে মোংলা বন্দরের উন্নয়ন নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মোংলা বন্দরের আধুনিকায়ন ও উন্নয়নে চীন আগ্রহ প্রকাশ করেছে। দ্রুত এ বিষয়ে কাজ শুরু করার বিষয়েও দেশটির পক্ষ থেকে আগ্রহ জানানো হয়েছে।
এ ছাড়া মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর, চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের বিষয়গুলোও আলোচনায় আসে।
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে চীন থেকে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক এবং রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর বিষয়ও উঠে আসে। চীনের রাজনৈতিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং বিএনপির প্রতিনিধিদলের চীন সফরের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও বৈঠকে জানানো হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন