মুক্তির দ্বিতীয় দিনে আয় কমল যশের সিনেমার
যোগফল প্রতিবেদক:
মুক্তির পর থেকেই আলোচনায় থাকা অভিনেতা যশের সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ দ্বিতীয় দিনে বক্স অফিসে কিছুটা ধীরগতিতে এগিয়েছে। গীতু মোহানদাস পরিচালিত সিনেমাটি প্রথম দিনে বড় অঙ্কের আয় করলেও দ্বিতীয় দিনে এখন পর্যন্ত তুলনামূলক কম আয় করেছে। নেতিবাচক রিভিউ, সমালোচনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও বক্স অফিসে লড়াই চালিয়ে যাচ্ছে সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত ভারতে দ্বিতীয় দিনে ‘টক্সিক’ আয় করেছে প্রায় ৬ কোটি ৭৯ লাখ রুপি নেট। ভাষাভিত্তিক আয়ের হিসাবে হিন্দি সংস্করণ সবচেয়ে এগিয়ে রয়েছে। এরপর রয়েছে কন্নড় ও তেলুগু সংস্করণ।
এর আগে মুক্তির প্রথম দিনেই উল্লেখযোগ্য সাফল্য পায় সিনেমাটি। প্রথম দিনে ভারতে ‘টক্সিক’-এর নেট আয় ছিল ১০১ কোটি ১০ লাখ রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়ায় প্রায় ১৪০ কোটি রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে প্রায় ৫৫ কোটি এবং কন্নড় সংস্করণ থেকে ২৩ কোটি রুপি আয় আসে।
তবে দ্বিতীয় দিনের আয়ের হিসাবে ‘টক্সিক’ পিছিয়ে রয়েছে ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’-এর তুলনায়। একই দিনে সিনেমাটি প্রায় ৮০ কোটি ৭২ লাখ রুপি আয় করেছে বলে জানা গেছে।
এদিকে ‘টক্সিক’ নিয়ে সমালোচকদের একাংশ সিনেমাটিতে অতিরিক্ত সহিংসতা, যৌন আবেদনময় দৃশ্য এবং আবেগের ঘাটতির অভিযোগ তুলেছেন। এসব সমালোচনার মধ্যেও দর্শকদের আগ্রহ রয়েছে সিনেমাটি ঘিরে।
সপ্তাহান্তে দর্শকসংখ্যা বাড়লে সিনেমাটির বক্স অফিস আয় আবারও গতি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, প্রথম দিনের বড় সাফল্য ধরে রেখে শেষ পর্যন্ত কতটা ব্যবসা করতে পারে যশ অভিনীত ‘টক্সিক’।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন