প্রেমের বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
যোগফল প্রতিবেদক:
মাদারীপুরের রাজৈর উপজেলায় প্রেমের সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয় নন্দী গ্রামের (গুচ্ছগ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের লোকজনের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের কথা-কাটাকাটি হয়। একটি প্রেমিক যুগলের কথাবার্তায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত।
এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে ইয়ার আলী, আক্কাসসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন