বিএনপি আবার পুরোনো ধারায় ফেরার চেষ্টা করছে: সারজিস
যোগফল প্রতিবেদক:
বিএনপি পুরোনো রাজনৈতিক কাঠামোয় ফিরে যাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি মিলনায়তনে এনসিপির জেলা শাখার সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম অভিযোগ করেন, বিএনপির গুমবিরোধী অধ্যাদেশকে আওয়ামী লীগ সরকারের সময়কার আইনের তুলনায় আরও দুর্বলভাবে উপস্থাপন করা হচ্ছে। একই সঙ্গে মানবাধিকার-সংক্রান্ত যেসব অধ্যাদেশ বাতিল করা হয়েছে, সেগুলোও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি প্রশ্ন তুলে বলেন, যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থা বা সদস্যদের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে, তাদের কাছেই যদি অভিযোগ গ্রহণ, মামলা এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটি কতটা কার্যকর হবে।
সারজিস আলম আরও দাবি করেন, বিএনপির প্রতি জনগণের আস্থা কমে যাচ্ছে। তার ভাষ্য, জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, দলটি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে।
তিনি জানান, তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি প্রার্থী দেবে। বিএনপি এমন একটি রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে, যেখানে নির্বাচনে অংশ নিলেও সমালোচনা এবং অংশ না নিলেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময় বিএনপির সুযোগ ছিল উল্লেখ করে সারজিস বলেন, দলটি সেই সুযোগ কাজে লাগায়নি।
এনসিপির এই নেতা আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন এবং ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকতসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন