সাইফ আলী খানকে ছুরিকাঘাতের মামলায় অভিযুক্তের নতুন আবেদন
যোগফল প্রতিবেদক:
বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাতের ঘটনায় করা মামলায় প্রায় দেড় বছর পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। মামলার অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম আদালতে নিজের দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশের পাশাপাশি দয়া প্রদর্শনের আবেদন করেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিচার বিভাগীয় হেফাজতে থাকা শরিফুল ইসলাম আদালতে হাজির হয়ে এ আবেদন করেন। তার আবেদনের পর আদালত সরকারি কৌঁসুলির কাছে জবাব চেয়েছেন। মামলাটির পরবর্তী শুনানি আগামী ১১ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
মামলায় অতিরিক্ত দায়রা জজ জি.পি. দেশমুখ ইতোমধ্যে শরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র ব্যবহার করে ডাকাতি, গুরুতর আঘাত এবং বাড়িতে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বিদেশি আইন এবং ভারতে প্রবেশসংক্রান্ত পাসপোর্ট বিধিমালার আওতাতেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
২০২৫ সালের ১৬ জানুয়ারি রাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলী খান। অভিযোগ অনুযায়ী, ওই রাতে মোহাম্মদ শরিফুল ইসলাম অভিনেতার বাড়িতে প্রবেশ করেন। পরে বাথরুমের পথ দিয়ে সাইফের ছোট ছেলে জেহের ঘরে যাওয়ার চেষ্টা করেন তিনি।
বিষয়টি বুঝতে পেরে সন্তানদের নিরাপত্তার জন্য সেখানে ছুটে যান সাইফ। এ সময় অভিযুক্তের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শরিফুল ছুরি দিয়ে সাইফকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় তার শরীর থেকে ছুরির একটি ভাঙা অংশ বের করা হয়। প্রায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়।
এরপর মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলতে থাকে। এখন অভিযুক্তের দোষ স্বীকারের ইচ্ছা এবং দয়ার আবেদনকে ঘিরে মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। আগামী ১১ সেপ্টেম্বরের শুনানিতে আদালত এ বিষয়ে কী সিদ্ধান্ত দেন, সেদিকেই নজর থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন