নামাজে দুই সিজদার জায়গায় এক সিজদা দিলে করণীয় কী?
যোগফল প্রতিবেদক:
জোগফল ডেস্ক: নামাজ মুমিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। তবে নামাজ আদায়ের সময় অসাবধানতাবশত বিভিন্ন ধরনের ভুল হতে পারে। এর মধ্যে দুই সিজদার জায়গায় একটি সিজদা দিয়ে ফেলা একটি সাধারণ ভুল। এমন পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে।
এ বিষয়ে ইউটিউবে দেওয়া এক আলোচনায় শরিয়তের বিধান তুলে ধরেছেন ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার।
তিনি বলেন, নামাজে উভয় সিজদা আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরিয়তের বিধান অনুযায়ী সিজদা নামাজের অন্যতম ফরজ। তাই কোনো কারণে দুই সিজদার একটি বাদ পড়ে গেলে তা অবশ্যই সংশোধন করতে হবে।
মুফতি রেজাউল করীম আবরার বলেন, কোনো মুসল্লি যদি নামাজে ভুলবশত একটি সিজদা আদায় করে অপরটি বাদ দিয়ে ফেলেন, তাহলে ছুটে যাওয়া সিজদা আদায় করতে হবে। এরপর নামাজের শেষে সিজদায়ে সাহু আদায় করতে হবে।
তিনি বলেন, অনেকের ধারণা রয়েছে—নামাজে কোনো সিজদা ছুটে গেলে শুধু নামাজের শেষে সিজদায়ে সাহু করলেই নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে এই ধারণা সঠিক নয়।
ইসলামি এই স্কলারের ব্যাখ্যা অনুযায়ী, সিজদায়ে সাহু মূলত নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে বা ভুল হলে সৃষ্ট ঘাটতি পূরণের জন্য করা হয়। আর সিজদা নামাজের ফরজ বিধানের অন্তর্ভুক্ত। ফলে শুধু সিজদায়ে সাহু আদায় করে ফরজ সিজদার ঘাটতি পূরণ করা যায় না।
তিনি আরও বলেন, কেউ যদি ছুটে যাওয়া সিজদা আদায় না করে শুধু সিজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করেন, তাহলে ওই নামাজ আদায় হবে না। এ ক্ষেত্রে নামাজ পুনরায় আদায় করতে হবে।
তাই নামাজে ভুলবশত একটি সিজদা বাদ পড়ে গেলে বিষয়টি বুঝতে পারার পর শরিয়তের বিধান অনুযায়ী ছুটে যাওয়া সিজদা আদায় করা এবং প্রয়োজন অনুযায়ী সিজদায়ে সাহু আদায় করা জরুরি।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন