৪২ কিলোমিটার যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি
যোগফল প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর সেতুতে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে শুরু হওয়া এ যানজট শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার ছাড়িয়ে গেছে। যানজটের বিস্তৃতি কুমিল্লার চান্দিনা পর্যন্ত পৌঁছেছে।
শনিবার সকাল ১০টার দিকে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন থেমে থেমে চলতে দেখা যায়। দাউদকান্দি, মেঘনা টোলপ্লাজা, গজারিয়া ও আশপাশের এলাকায় দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি।
ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
বিশেষ করে প্রচণ্ড গরমে বাসের ভেতরে অবস্থান করা শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছেন। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় বাসের মধ্যে শিশুদের কান্না করতেও দেখা গেছে।
সড়কে যানজটের কারণে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না দূরপাল্লার যাত্রীরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
আষাঢ়িয়ারচর সেতুর সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কের এই অংশে যান চলাচলে ধীরগতি ও যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন