খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১৪ ভাদ্র, ১৪৩৩

২৪ ঘণ্টায় মনপুরায় নিখোঁজ ৩ শিশু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
২৪ ঘণ্টায় মনপুরায় নিখোঁজ ৩ শিশু

 যোগফল প্রতিবেদক:

ভোলার মনপুরায় প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে তিন শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিশুদের মধ্যে দুজন স্থানীয় একটি মাঠে খেলতে গিয়ে এবং অপরজন ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিখোঁজের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান না পাওয়ায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজ তিন শিশুর মধ্যে দুজন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এবং অপরজন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিখোঁজ শিশুরা হলো—উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায় জুনায়েদ ও আরাফাত। সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেন। তবে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু জানান, তার ছেলে ও আরাফাত একসঙ্গে খেলতে গিয়েছিল। এরপর থেকে তারা আর বাড়িতে ফেরেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

অপর নিখোঁজ শিশু হাবিবুর রহমান ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর এলাকার ‘মাদরাসাতুল দারুল কুরআন’-এ পড়াশোনা করে। তার বাবা মো. কামাল জানান, শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর হাবিবুর আর মাদ্রাসায় ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, শিশু নিখোঁজের বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিভাবক থানায় লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেননি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খোঁজ নেওয়া হচ্ছে।

নিখোঁজ তিন শিশুর সন্ধান পেলে দ্রুত তাদের পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের কমিটি, আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভূরুঙ্গামারীতে এনসিপির ৩ মাসের কমিটি, আহ্বায়ক মাহফুজুল ইসলাম কিরণ, সদস্য সচিব মোর্শেদুর রহমান আনিস

 যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামী তিন মাসের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মো. মুকুল মিয়া ও সদস্য সচিব মো. মামুন মিয়ার স্বাক্ষরে ৩ মাস মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. মাহফুজুল ইসলাম (কিরণ) আহ্বায়ক এবং মো. মোর্শেদুর রহমান (আনিস) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আবু শামীমকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মেহেদিকুল রহমান (মজলু), মোহাম্মদ রোকনুজ্জামান (মিন্টু), মো. নাহিদ হাসান (প্রিন্স), মো. শরিফুল ইসলাম, মো. মাহমুদ হাসান ও আবুল কালাম আজাদ।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মো. জহুরুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে নূর আমিন লেবু, মো. কবিরুল রহমান ও মাহবুব উল আলমকে।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল হেলাল খান, মো. শফিউল আলম (সানু), মো. গোলাম হোসেন (মামুন) ও মো. আশরাফুল আলম (শান্ত)।

এ ছাড়া কমিটিতে আরও ১৯ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির আহ্বায়ক মো. মাহফুজুল ইসলাম (কিরণ) ও সদস্য সচিব মো. মোর্শেদুর রহমান (আনিস) বলেন, নতুন দায়িত্বে তারা সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে কাজ করবেন। পাশাপাশি ভূরুঙ্গামারীর মানুষের সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা সমাধান এবং দলের লক্ষ্য বাস্তবায়নে তারা আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, এনসিপি ইনসাফের লড়াইয়ের একটি রাজনৈতিক দল। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রেখে দেশের জন্য ইতিবাচক কিছু করার লক্ষ্যেই তারা কাজ করতে চান। এ দায়িত্ব দেওয়ায় কুড়িগ্রাম জেলা এনসিপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ফেসবুক থেকে সরে গেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৭:১১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ফেসবুক থেকে সরে গেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

 যোগফল প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ইতোমধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন তিনি।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) একটি সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ফেসবুক ছাড়ার বিষয়টি জানান আসিফ আকবর।

ফেসবুকের বর্তমান পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, একসময় এটি ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম। তবে এখন এখানে নানা ধরনের প্রচার, অনলাইন কেনাকাটা ও বিভিন্ন কার্যক্রম যুক্ত হয়েছে। তার মতে, ফেসবুক এখন আর আগের জায়গায় নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন এই শিল্পী। তিনি বলেন, কোন তথ্য সত্য আর কোনটি গুজব—তা আলাদা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন খবর ছড়িয়ে পড়ায় তারকাদেরও বিড়ম্বনায় পড়তে হয়।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ আকবর বলেন, অনেক সময় তার নামে এমন বক্তব্য বা মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়, যা তিনি কখনোই দেননি। পরে বিষয়টি যাচাই করতে হয় এবং সত্যতা পরিষ্কার করতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে হয়।

তার ভাষায়, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য—বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

আসিফ আকবরের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে সেটি যাচাই করা জরুরি। বিশেষ করে তারকাদের নিয়ে কোনো বক্তব্য বা খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও গুজবের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই কণ্ঠশিল্পী। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কেন লোকচক্ষুর আড়ালে ব্যারন ট্রাম্প?

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কেন লোকচক্ষুর আড়ালে ব্যারন ট্রাম্প?

 যোগফল প্রতিবেদক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প বর্তমানে অনেকটাই জনসম্মুখ এড়িয়ে চলছেন। ২০ বছর বয়সী ব্যারন কঠোর নিরাপত্তার মধ্যে থাকলেও পরিবারের ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিরাপত্তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও তিনি নিজেকে আড়ালে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারন খুব একটা বাইরে বের হন না। ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তাকে ‘অন্তর্মুখী’ হিসেবে বর্ণনা করেছে।

গত কয়েক বছরে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে গুলিতে আহত হন ট্রাম্প। একই বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডায় তার গলফ কোর্সে এক বন্দুকধারী তাকে হত্যার চেষ্টা করে।

এ ছাড়া ২০২৬ সালের ২৫ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেও বন্দুক হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসব ঘটনার পর ট্রাম্প পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। এরই মধ্যে ব্যারনও হুমকির লক্ষ্য হয়েছেন বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের কট্টরপন্থীদের একটি ভিডিওতে ব্যারনকে হত্যার হুমকি দিয়ে তার মাথার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই পক্ষের হুমকির লক্ষ্য হয়েছেন মেলানিয়া ট্রাম্পও।

সম্প্রতি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে দ্বিতীয় বর্ষ শেষ করেছেন ব্যারন। গ্রীষ্মের বেশিরভাগ সময় তিনি মা মেলানিয়া ট্রাম্পের সঙ্গে নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্প পরিবারের গলফ ক্লাবে কাটিয়েছেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারন কোথাও গেলে জনসমাগমপূর্ণ এলাকায় বেশি সময় অবস্থান করেন না। সাধারণত দ্রুত নিজের ব্যক্তিগত পরিসরে ফিরে যান।

২০২৫ সালের সেপ্টেম্বরে রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডও ব্যারনকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে জানা গেছে। কার্কের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

লেখক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের দাবি, কার্কের মৃত্যুর খবর বাবাকে জানানোর সময় ব্যারন বলেছিলেন, ‘তুমি বাইরে বের হলে এটাই হয়।’ ঘটনাটি তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয় বলে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে।

ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য মেলানিয়া ট্রাম্পের কার্যালয় গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে। ছেলের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে মেলানিয়া দীর্ঘদিন ধরেই সতর্ক।

২০২২ সালে ব্যারনের ১৬ বছর বয়স পূর্ণ হওয়ার পর তার সিক্রেট সার্ভিস নিরাপত্তা বন্ধ হওয়ার কথা থাকলেও মেলানিয়ার অনুরোধে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন তার নিরাপত্তা বাড়ানোর অনুমতি দেন।

২০২৫ সালে মেলানিয়াকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রেও ব্যারনের জনসম্মুখে আসার অনীহার বিষয়টি উঠে আসে। শপথ অনুষ্ঠানের সময় ট্রাম্প পরিবারের সদস্যদের পেনসিলভেনিয়া অ্যাভিনিউ দিয়ে হাঁটার সম্ভাবনা নিয়ে আলোচনা হলে মেলানিয়া বলেছিলেন, ব্যারন বাইরে যেতে চাইবে না এবং তিনি তার সিদ্ধান্তকে সম্মান করেন।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন কঠোর নিরাপত্তার মধ্যে থাকার কারণে ব্যারন সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অন্যদের তুলনায় বেশি সচেতন হয়ে উঠতে পারেন। তবে অন্তর্মুখী স্বভাব থাকলেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

ট্রাম্প পরিবারের অন্য সন্তানদের তুলনায় ব্যারনের জীবনযাপনও বেশ আলাদা। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। ইভাঙ্কা ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। টিফানি ট্রাম্পও মাঝে মাঝে বাবার সঙ্গে জনসম্মুখে দেখা দেন।

অন্যদিকে ব্যারন নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। মার-আ-লাগো ও নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে তার জন্য আলাদা ব্যক্তিগত জায়গা রয়েছে। এমনকি হোয়াইট হাউসেও তার ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতার উপযোগী করে বিশেষ আসবাবপত্র তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

ব্যারনের বর্তমান জীবনযাপন ও জনসম্মুখে আসার অনীহা থেকে ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে তিনি রাজনীতির পরিবর্তে ব্যবসার দিকে যেতে পারেন। তবে আপাতত নিজের ব্যক্তিগত জীবন, নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখাই তার প্রধান অগ্রাধিকার বলে মনে হচ্ছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম