খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১৫ ভাদ্র, ১৪৩৩

রাজধানীর তক্ষশিলা বিদ্যালয়ে শিশুদের রঙিন উৎসব

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর তক্ষশিলা বিদ্যালয়ে শিশুদের রঙিন উৎসব

যোগফল প্রতিবেদক:

রঙ-তুলিতে ক্যানভাসে ফুটে উঠেছে শিশুদের চোখে দেখা বাংলাদেশ, ইতিহাস ও আগামীর স্বপ্ন। রাজধানীর তক্ষশিলা বিদ্যালয় প্রাঙ্গণে নানা রঙের আয়োজনে মেতে ওঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর ধানমণ্ডির ২৭ নম্বর এলাকার উদ্যোগে এবং তক্ষশিলা বিদ্যালয়ের সহযোগিতায় ‘সংস্কৃতিই জাগরণের প্রথম সূর্য’ শীর্ষক চিত্রাঙ্কন উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ উৎসবে রাজধানীর ১০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

সকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ভয় কাহারে’ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। তক্ষশিলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম ও ২৭ ধানমণ্ডির ফজলুল কবীর তুহিন শিশুশিল্পী ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সম্মিলিতভাবে গানটিতে অংশ নেন।

এরপর শুরু হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বয়সভিত্তিক তিনটি বিভাগে শিক্ষার্থীদের ভাগ করা হয়। প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল ‘হৃদয়ে আঁকা বাংলাদেশ’। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ‘আমার আঁকায় অমর যাঁরা’ বিষয়ে ছবি আঁকে। আর সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিষয় ছিল ‘ছোট হাতে বড় শপথ’।

বিভিন্ন বয়সের শিশুদের আঁকা ছবিতে দেশ, ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে তাদের নিজস্ব ভাবনার প্রকাশ ঘটে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক শিশুর হাতে সনদপত্র ও উপহার তুলে দেন চিত্রশিল্পী মনিরুজ্জামান, কিরীটী রঞ্জন বিশ্বাস ও শামসুল আলম আজাদ।

এ ছাড়া প্রতিটি বিভাগ থেকে পাঁচজন করে মোট ১৫ জন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

তক্ষশিলা বিদ্যালয়ের অধ্যক্ষ নাদিমুল ইসলাম বলেন, “একটি শিশু যখন রং-তুলি হাতে নেয়, তখন সে শুধু ছবি আঁকে না; তার ভাবনা, স্বপ্ন ও দেশের প্রতি ভালোবাসা প্রকাশের একটি মাধ্যমও খুঁজে পায়। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা বইয়ের বাইরেও এই ভাষাটা রপ্ত করুক। শিল্প ও সংস্কৃতির চর্চা ছাড়া প্রকৃত মানবিক মানুষ গড়ে তোলা সম্ভব নয়। সেই বিশ্বাস থেকেই তক্ষশিলা বিদ্যালয় বরাবরই এমন আয়োজনে যুক্ত থাকে।”

আয়োজনের উদ্যোক্তা ২৭ ধানমণ্ডির ফজলুল কবীর তুহিন বলেন, “শিশুরাই আগামী দিনের বাংলাদেশের প্রতিনিধি। তারা আজ রং দিয়ে যে বাংলাদেশ এঁকেছে, ভবিষ্যতে সেই বাংলাদেশ গড়ার দায়িত্বও তাদের। আমরা চাই, প্রতিটি শিশু তার সৃজনশীলতার মধ্য দিয়ে নিজের চিন্তা প্রকাশ করার সাহস পাক। সংস্কৃতিচর্চাই একটি জাতিকে সত্যিকারের জাগরণের পথ দেখাতে পারে।”

আয়োজকদের মতে, শৈশব থেকেই শিল্প, সংস্কৃতি ও দেশপ্রেমের চর্চার সুযোগ পেলে শিশুরা ভবিষ্যতে দক্ষতার পাশাপাশি সংবেদনশীল ও মানবিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে পারে। পড়াশোনা ও বিভিন্ন প্রতিযোগিতার চাপে থাকা শিশুদের জন্য এ ধরনের আয়োজন আনন্দের পাশাপাশি নিজেদের ভাবনা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর

 যোগফল প্রতিবেদক:

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছানো হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম।

মামলাটি সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা হয়েছে। এতে তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লুছি এবং চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত পরে মরদেহ উত্তোলনের অনুমতি দেন। এ প্রক্রিয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টিও আদালতের নথিতে এসেছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরবর্তী সময়ে ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।

সিআইডি ১৯৯৭ সালে দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল। তবে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা রিভিশন মামলা করেন।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, আশরাফুল হক ডনসহ আরও কয়েকজন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

দীর্ঘদিন ধরে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা আলোচনা থাকলেও নতুন করে হত্যা মামলা ও তদন্তকে ঘিরে বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের দিকে নজর থাকবে সংশ্লিষ্টদের।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি হাবিবুল গনি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি হাবিবুল গনি

 যোগফল প্রতিবেদক:

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) ও আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

পরবর্তী সময়ে ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান হাবিবুল গনি। ২০১২ সালের ১৫ এপ্রিল তিনি একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন।

দীর্ঘ বিচারিক জীবনে তিনি আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নিয়েছেন। পেশাগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন সফরে কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারতও ভ্রমণ করেছেন তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা, অল্পের জন্য রক্ষা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সড়ক দুর্ঘটনায় তাসনুভা তিশা, অল্পের জন্য রক্ষা

 যোগফল প্রতিবেদক:

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষে প্রাইভেটকারে করে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তাসনুভা তিশা।

অভিনেত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজ ও টোলপ্লাজা পার হওয়ার পর একটি দ্রুতগতির পিকআপভ্যান তাদের গাড়িকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাদের প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন এবং সেটিকে আটক করতে সক্ষম হন। তবে পিকআপের চালক গাড়িটি সড়কে ফেলে চাবি নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করে।

তবে দুর্ঘটনায় গাড়িতে থাকা তাসনুভা তিশা, তার ফটোগ্রাফার ও সহকারীসহ কেউ গুরুতর আহত হননি।

ফেসবুক লাইভে নিজের অভিজ্ঞতা জানিয়ে তাসনুভা তিশা বলেন, পিকআপটির ধাক্কা ছিল বেশ আক্রমণাত্মক। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম