হাসপাতালে নার্স অনুপস্থিত, ঘটনাস্থল থেকেই বদলির নির্দেশ মন্ত্রীর
যোগফল প্রতিবেদক:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত এক নার্সের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঝটিকা সফরে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মন্ত্রী। আকস্মিক পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান ও শৌচাগারের পরিচ্ছন্নতা সম্পর্কে খোঁজ নেন।
হাসপাতালের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পরিদর্শন করে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। হাসপাতালের সেবার মান বাড়াতে একটি ডায়ালাইসিস সেন্টার স্থাপন, অপারেশন থিয়েটারের জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের কথাও জানান তিনি।
পরিদর্শনের সময় পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানতে পেরে হাসপাতাল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ফোন করেন তিনি। পরে সংশ্লিষ্ট সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিনা আক্তারকে সদরপুরে বদলির নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের আশ্বাস দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন