শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ভূমিমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
শিক্ষাক্ষেত্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন দেশ-বিদেশের সমমানের জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারে এবং শিক্ষা যেন উৎপাদনমুখী হয়, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) রাজশাহীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ মিলনায়তনে কলেজটির এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর নজর রাখা হচ্ছে। বিশেষ করে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানরা যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা জরুরি। আগামী দিনে জাতির অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে একটি সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দেশের অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থীদের সাফল্যের কথা তুলে ধরে মিজানুর রহমান মিনু বলেন, এ প্রতিষ্ঠানের অনেক সাবেক শিক্ষার্থী দেশের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করছেন। তাদের সাফল্য শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
এ ছাড়া অনুষ্ঠানে রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির এবং কলেজটির প্রথম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।
অনুষ্ঠানে কলেজের বিভাগীয় প্রধান, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন