নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
যোগফল প্রতিবেদক:
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন তিনি।
এ সময় উপাচার্য নোবিপ্রবির শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও অগ্রগতির বিভিন্ন দিক রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে নোবিপ্রবির ভূমিকা, চলমান বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আগামী ২৪ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিতব্য নোবিপ্রবির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বলে জানানো হয়।
রাষ্ট্রপতির এই সম্মতিতে নোবিপ্রবি পরিবারের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে। তাঁর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আরও তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন