গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ: সাবেক ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
যোগফল প্রতিবেদক:
জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও শংকর এলাকার বাসিন্দা ছাত্তার আলী (৪২), আব্দুল মালেক (৪৪) এবং আনোয়ার হোসেন (৩২)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হকের বরাতে জানা যায়, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে রশিদপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের ভাটিপাড়া এলাকায় ওই গৃহবধূর বাড়িতে যান আসামিরা। সেখানে তারা মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
শব্দ শুনে ওই নারী ঘর থেকে বের হলে আসামিরা তার মুখে গামছা পেঁচিয়ে বাড়ির পাশের একটি ঝোপে নিয়ে যান। পরে সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর স্বামী ঢাকায় চাকরি করায় ঘটনার তিন দিন পর তিনি নিজেই বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।
মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
রায়ে প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। অন্যদিকে আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জামিল হাসান তাপস।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন