জিয়া উদ্যানে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
যোগফল প্রতিবেদক:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর তিনি জিয়া উদ্যানে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণ করে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
বিএনপি প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণসহ নানা আয়োজন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর দলটি দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন