চট্টগ্রামে গোপন অস্ত্র কারখানায় অভিযান, আটক ২
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারীতে একটি গোপন দেশীয় অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় কারখানা থেকে দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযানটি পরিচালনা করা হয়।
আটক দুজন হলেন মির্জাপুর ২ নম্বর ওয়ার্ডের জামাল মিস্ত্রির বাড়ির মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং একই এলাকার মালেক ড্রাইভারের বাড়ির মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি স্থানে অস্ত্র তৈরির কাজে ব্যস্ত অবস্থায় দুজনকে আটক করা হয়। পরে ওই স্থান থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্র ও সরঞ্জামের সংখ্যা এবং ধরন সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই করছে পুলিশ। একই সঙ্গে এই কারখানার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, অভিযানের সময় অস্ত্র তৈরির কারখানায় কাজ করার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে হাটহাজারী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন