২৮০ দিন পর বন্দরে ফিরছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’
যোগফল প্রতিবেদক:
দীর্ঘ প্রায় ২৮০ দিন সমুদ্রে অবস্থানের পর প্রথমবারের মতো কোনো বন্দরে যাত্রাবিরতি নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ার কাছের লায়েম চাবাং বন্দরে রণতরীটির পৌঁছানোর কথা রয়েছে।
রণতরীটিতে প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু সদস্য রয়েছেন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার পর তাদের বিশ্রাম ও বিনোদনের সুযোগ করে দিতেই এই যাত্রাবিরতির ব্যবস্থা করা হয়েছে। এ উপলক্ষে পাতায়ায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
ভিয়েতনাম যুদ্ধের সময় থেকেই মার্কিন সেনাদের বিশ্রাম ও বিনোদনের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত পাতায়া। ফলে এবারও বিপুলসংখ্যক মার্কিন নাবিকের আগমনকে কেন্দ্র করে শহরের পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে ব্যস্ততা বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
পারমাণবিক শক্তিচালিত ইউএসএস আব্রাহাম লিংকন ২০২৫ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়া থেকে দক্ষিণ চীন সাগরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। পরবর্তী সময়ে রণতরীটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। প্রায় ছয় মাস আগে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সংঘাত শুরু হওয়ার আগে এর গতিপথ পরিবর্তন করা হয়েছিল।
দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান নিয়ে এরই মধ্যে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েছে। জাহাজে থাকা নাবিকদের জীবনযাত্রার মান ও মানসিক স্বাস্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগ তৈরি হয়। এমনকি কয়েকজনের আত্মহত্যার চেষ্টার ঘটনাও বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে।
পাতায়ার মেয়র পোরামাসে এনগামপিচেস জানিয়েছেন, স্থানীয় সময় মধ্যরাতের পর রণতরীটি লায়েম চাবাং বন্দরে পৌঁছানোর কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, প্রায় ২৮০ দিন পর নাবিকেরা প্রথমবারের মতো জাহাজ থেকে তীরে নামার সুযোগ পাচ্ছেন।
মার্কিন নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কাছ থেকে স্থানীয় ব্যবসায়ীরা যেন অতিরিক্ত অর্থ আদায় করতে না পারেন, সে বিষয়েও নজর রাখা হবে বলে জানিয়েছেন পাতায়ার মেয়র।
বিপুলসংখ্যক নাবিকের আগমনকে ঘিরে একদিকে যেমন স্থানীয় ব্যবসা ও পর্যটন খাতে বাড়তি আয় হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে থাই কর্তৃপক্ষ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন