বর্ণিল আয়োজনে কুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
যোগফল প্রতিবেদক:
বর্ণিল ও উৎসবমুখর নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উদযাপিত হয়েছে ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। পরে আনন্দ র্যালি, বিভিন্ন স্টল পরিদর্শন, কুয়েটের অর্জন-ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থাপনা, আলোচনা সভা এবং প্রজেক্ট প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। বিভিন্ন কর্মসূচি ও আয়োজনকে কেন্দ্র করে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজনে কুয়েটের অর্জন ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনা ও পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন