খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

৪ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে প্রায় ১৬ হাজার টাকা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৪ দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমেছে প্রায় ১৬ হাজার টাকা

যোগফল প্রতিবেদক: 

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। মাত্র চার দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা, অর্থাৎ প্রায় ১৬ হাজার টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে। ফলে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়।

এর আগে গত ২৯ আগস্ট ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর ৩১ আগস্ট দ্বিতীয় দফায় প্রতি ভরিতে আরও ৪ হাজার ৭২৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৫ হাজার ৯০৪ টাকা।

সর্বশেষ বুধবার (২ সেপ্টেম্বর) আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে।

ফলে ২৯ আগস্টের আগে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা থেকে চার দিনের ব্যবধানে কমে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ এ সময়ে প্রতি ভরিতে দাম কমেছে ১৫ হাজার ৮৬৩ টাকা।

নতুন দাম কত

বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৩৫ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ২৪৬ টাকা
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৬৬৭ টাকা

নতুন এ দাম বুধবার সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

যোগফল প্রতিবেদক:

বাগেরহাটের রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কেন্দ্রটির ধারাবাহিক উৎপাদনে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত ২৫ দিনে রামপাল মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় ৬৪ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট স্থাপিত ক্ষমতার এ কেন্দ্রটি ওই সময়ে গড়ে ১ হাজার ৭৩ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।

এর আগে জুন মাসে কেন্দ্রটি ৮২ কোটি ৭৩ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। ওই সময়ে গড়ে ১ হাজার ১৪৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। উৎপাদন সক্ষমতা ধরে রাখার এ ধারাবাহিকতা জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে সহায়তা করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রমে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক খাঁন নোমান শিবলী জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশগত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বিদ্যুৎ খাতের সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রটি একইভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রাখতে পারলে লোডশেডিং কমানো এবং শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ সেবা খাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে। এ জন্য জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি।

কেন্দ্রটির মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি মূলত বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষ হাতে পরিচালিত হচ্ছে। আগে ভারতীয় প্রকৌশলীদের কাছ থেকে পাওয়া প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেশীয় প্রকৌশলীরা আত্মস্থ করেছেন। ফলে তারা এখন দক্ষতার সঙ্গে কেন্দ্রটির অপারেশনাল দায়িত্ব পালন করছেন।

ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী জানিয়েছেন, জাতীয় গ্রিডের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি পরিবেশগত মানদণ্ড বজায় রেখে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, কেন্দ্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে কোনো যান্ত্রিক বা লজিস্টিক সমস্যার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত না হয়।

সংশ্লিষ্টদের মতে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ধারাবাহিক উৎপাদন দেশের বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ধরে রাখা, আধুনিক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিশ্চিত করা এবং জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল রাখা সম্ভব হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

যোগফল প্রতিবেদক:

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসকে বহনকারী বিমানটি আজ রাত ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা নেওয়ার পর আরও উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে বিএনপি। মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মির্জা আব্বাস।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

চুরির ভোট, রাতের ভোট এ দেশে আর হবে না: হুইপ অপু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চুরির ভোট, রাতের ভোট এ দেশে আর হবে না: হুইপ অপু

যোগফল প্রতিবেদক:

চুরির ভোট, রাতের ভোট এ দেশে আর হবে না। জনগণ এবার নিজের ভোট নিজে দেবেন এবং পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর বাজারে বিএনপির কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও সম্ভাব্য চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার আংশিক এলাকার নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা সভায় অংশ নেন।

হুইপ অপু বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জনগণের ভোটে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত করবেন। কোনো ধরনের ভোট চুরি, কারচুপি কিংবা রাতের ভোটের সুযোগ এবার থাকবে না।’

তিনি বলেন, ‘চুরির ভোট, রাতের ভোট—এ দেশে আর হবে না। জনগণ নিজের ভোট নিজে দেবে। যাকে যোগ্য মনে করবে, ভোট দিয়ে তাকেই নির্বাচিত করবে।’

তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হুইপ অপু বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু দলীয় কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে এবং সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে।

সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, তাদের প্রত্যেককে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। জনগণের কাছে নিজেদের যোগ্যতা ও কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূলে অনেক যোগ্য ও জনপ্রিয় নেতা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তবে দলীয়ভাবে যাচাই-বাছাই শেষে যাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে হবে।

হুইপ অপু বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। দল যাকে প্রার্থী ঘোষণা করবে, সবাইকে তার পক্ষে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য হবে তৃণমূলকে শক্তিশালী করা এবং জনগণের আস্থা অর্জন করা।’

এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এজন্য এখন থেকেই তৃণমূলের নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।

মতবিনিময় সভায় গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, সম্ভাব্য প্রার্থী বাছাই এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম