খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

নবম পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নবম পে-স্কেলের গেজেট কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

যোগফল প্রতিবেদক:

নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা গেজেট জারির। নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ আজ বুধবার (২ সেপ্টেম্বর) অথবা আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

নতুন বেতনকাঠামো নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ জারি করবে। এরপর এ বিষয়ে বিস্তারিত তথ্য স্পষ্টভাবে জানা যাবে।

এর আগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।

একই সঙ্গে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ অনুমোদন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত নতুন বেতনস্কেল ও সংশ্লিষ্ট নির্দেশাবলী ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হবে।

২০টি গ্রেডই বহাল

অনুমোদিত জাতীয় বেতনস্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রাখা হয়েছে। তবে প্রতিটি গ্রেডের মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতনস্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আর ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত মূল বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।

নতুন বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ জারির পর বেতনস্কেলের বিস্তারিত কাঠামো, বিভিন্ন গ্রেডের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

এইচএসসির ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এইচএসসির ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

 যোগফল প্রতিবেদক:

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল নভেম্বরের শুরুতে প্রকাশ হতে পারে। বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার পর ফল প্রকাশের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর দুই মাসের মধ্যে ফল প্রকাশের রোডম্যাপ তৈরি করা হচ্ছে।

জানা গেছে, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে। শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষা ২০ আগস্ট থেকে পুনরায় শুরু হয়ে আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা গত ১ আগস্ট শেষ হয়েছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের সময়সূচি চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী অমিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রতিমন্ত্রী অমিত

যোগফল প্রতিবেদক:

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা পর্দার অন্তরালে এক হচ্ছে। কোনো সুপ্ত বা গুপ্ত সংগঠন যাতে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত কর্মসূচি ব্যর্থ করে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু বিএনপি নয়, বাংলাদেশ রাষ্ট্র হিসেবেও ব্যর্থ হয়ে যাবে। বাংলাদেশকে সফল করতে এবং গত জুলাই আন্দোলন ও দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সহকর্মীদের আত্মত্যাগের মূল্য দিতে হলে বর্তমান সরকারকে সফল করতে হবে।

নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন বন্দোবস্তের কথা বলব, অথচ ফ্যাসিস্টের ভাষায় কথা বলব, প্রতিমুহূর্তে অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করব এবং বড়দের অসম্মান করব—এটি কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। এই সংস্কৃতি বাংলাদেশের মাটির সংস্কৃতি নয় এবং বিএনপিও এই সংস্কৃতি ধারণ করে না।

বিএনপির প্রতিষ্ঠা ও দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যে বীজ বপন করেছিলেন, সেটি আজ মহীরুহে পরিণত হয়েছে। আজকের গণতান্ত্রিক বাংলাদেশ নিয়ে যে গর্ব করা হয়, সেই গণতন্ত্রের ভিত্তি রচনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগ এবং বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ বাংলাদেশ যতদিন থাকবে, দেশের মানুষ ততদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

যশোরের উন্নয়ন নিয়ে যা বললেন

যশোরের উন্নয়ন প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী যশোরবাসীকে যে উপহার দিয়েছেন, দেড় যুগের বেশি সময় আওয়ামী লীগ সরকারে থেকেও তা দিতে পারেনি। যশোরের মানুষের যেসব উন্নয়ন চাহিদা রয়েছে, বিএনপি অতীতের মতো আবারও সেসব চাহিদা পূরণ করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন।

সমাবেশের শুরুতে অনিন্দ্য ইসলাম অমিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত বিএনপি নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করেন।

সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
অসুস্থ জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

 যোগফল প্রতিবেদক:

শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে অসুস্থতা বেড়ে গেলে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

রাষ্ট্রপতি মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম