খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

ব্যাটারিচালিত রিকশার বিকল্প নিয়ে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্যাটারিচালিত রিকশার বিকল্প নিয়ে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা

যোগফল প্রতিবেদক: 

দেশের প্রচলিত তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প হিসেবে পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যানবাহন ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গবেষণা করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থীরা।

বৈদ্যুতিক যান (ইভি) ও প্লাগ-ইন হাইব্রিড বৈদ্যুতিক যান (পিএইচইভি) নিয়ে পরিচালিত এ গবেষণায় পরিবেশ সুরক্ষা, জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস, নিরাপত্তা এবং টেকসই নগর পরিবহণ ব্যবস্থার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে।

এআইইউবিতে আয়োজিত ‘ফ্রম রিসার্চ টু রিয়েলিটি: হাউ উই বিল্ট দ্য ইভি/পিএইচইভি ফিজিবিলিটি প্রজেক্ট’ শীর্ষক গবেষণা ও উদ্ভাবনী অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন এআইইউবির বাণিজ্য গবেষণা কেন্দ্রের পরিচালক ও চিফ ইনভেস্টিগেটর অধ্যাপক ড. মুস্তাফা হাসান। প্রধান বক্তা ও সভাপতির দায়িত্ব পালন করেন এআইইউবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও উপদেষ্টা এবং নর্দান ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

প্রধান অতিথি ছিলেন থ্রিলীফ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ তাজুল ইসলাম রুমেল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক (আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসায়িক উন্নয়ন) রন্টি চৌধুরী এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মাদ আল-আমরান।

গবেষণায় সম্ভাব্যতা যাচাইয়ের গুরুত্ব

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোনো প্রযুক্তি বা বড় প্রকল্প বাস্তবায়নের আগে যথাযথ গবেষণা ও সম্ভাব্যতা সমীক্ষা করা জরুরি। এর মাধ্যমে প্রকল্পের প্রযুক্তিগত সক্ষমতা, অর্থনৈতিক বাস্তবতা, পরিবেশগত প্রভাব, নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি কার্যকারিতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।

গবেষণাকে বাস্তব সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা থাকলে গবেষণার ফলাফল সরাসরি দেশ ও মানুষের কাজে লাগানো সম্ভব।

গবেষণায় বাংলাদেশের নগর বাস্তবতায় ইভি ও পিএইচইভির সম্ভাবনার পাশাপাশি চার্জিং অবকাঠামো, বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনা, নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশের প্রাপ্যতা ও অর্থনৈতিক সম্ভাব্যতার বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে।

‘গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে বাস্তবায়ন’

প্রধান অতিথির বক্তব্যে শাহ তাজুল ইসলাম রুমেল বলেন, কোনো ধারণা বাস্তবে প্রয়োগের আগে এর প্রযুক্তিগত, অর্থনৈতিক ও ব্যবহারিক দিক যাচাই করা প্রয়োজন। গবেষণা ও সম্ভাব্যতা সমীক্ষার মাধ্যমে একটি প্রকল্পের বাস্তব সম্ভাবনা নির্ধারণ করা যায়।

তিনি তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনী কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে বাস্তবায়ন এবং বাস্তবায়ন থেকে বাস্তব প্রভাব তৈরি করতে হবে।

থ্রিলীফ টেকনোলজিস লিমিটেড গবেষণা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও টেকসই প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এআইইউবির শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে যৌথভাবে বাস্তবমুখী গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করার আগ্রহ রয়েছে।

টেকসই পরিবহণে নতুন সম্ভাবনা

বিশেষ অতিথি রন্টি চৌধুরী বলেন, গবেষণার ফলাফল বাস্তবে প্রয়োগ করতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার সঙ্গে শিল্পখাতের প্রযুক্তি, বিনিয়োগ, উৎপাদন ও বাজার অভিজ্ঞতা যুক্ত হলে বাস্তবমুখী প্রকল্প তৈরি করা সম্ভব।

সংশ্লিষ্টরা বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে যানজট, বায়ুদূষণ, জ্বালানি ব্যয় ও পরিবহণ ব্যবস্থাপনার নানা সমস্যা বাড়ছে। এ পরিস্থিতিতে বৈদ্যুতিক ও প্লাগ-ইন হাইব্রিড যানবাহন ভবিষ্যতের নগর পরিবহনে বিকল্প সমাধানের সুযোগ তৈরি করতে পারে।

তবে ব্যাপক ব্যবহার নিশ্চিত করতে পর্যাপ্ত চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি নিরাপত্তা, রক্ষণাবেক্ষণ সুবিধা, যন্ত্রাংশের প্রাপ্যতা এবং অর্থনৈতিকভাবে গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

গবেষণায় শিক্ষার্থীদের স্বীকৃতি

অনুষ্ঠানে এআইইউবি এফবিএ স্টুডেন্ট রিসার্চ গ্রুপের গবেষণা কার্যক্রম এবং বাংলাদেশে ইভি/পিএইচইভি উৎপাদন কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমে অবদান রাখায় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে গবেষণার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ উদ্যোগে গবেষণা ও সম্ভাব্যতা সমীক্ষার ধারাবাহিকতা বজায় থাকলে দেশের পরিবহণসহ বিভিন্ন খাতে নিরাপদ, পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর নতুন সমাধান তৈরি করা সম্ভব হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কওমি-আলিয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কওমি-আলিয়া শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

যোগফল প্রতিবেদক:

কওমি ও আলিয়া ধারার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নতুন দুটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

‘নিশ-৩’ নামের এসব প্রোগ্রামের মাধ্যমে কওমি ধারার আগ্রহী শিক্ষার্থী এবং আলিয়া ধারার ঝরে পড়া শিক্ষার্থীরা বাউবির মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ‘বাউবিতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষা থেকে বঞ্চিত এবং প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এসএসসি নিশ-৩ ও এইচএসসি নিশ-৩ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ও মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।

উপাচার্য আরও বলেন, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এগুলো আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করা হবে।

২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রোগ্রাম চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, এ উদ্যোগ সফল হলে বাউবির শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন একটি অধ্যায় যুক্ত হবে। বয়স, লিঙ্গ, পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত রেখে বাউবি দেশের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টাইমস স্কয়ারে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে ছুরিকাঘাতে হত্যা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টাইমস স্কয়ারে ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে ছুরিকাঘাতে হত্যা

 যোগফল প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে প্রকাশ্য দিবালোকে ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াচেন্টিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩২ বছর বয়সী এরিন সম্প্রতি মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরেছিলেন। তিনি একটি নবজাতক সন্তানের মা ছিলেন।

ঘটনার পর ব্যাংক অব আমেরিকা এক বিবৃতিতে এরিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে স্নাতক সম্পন্ন করা এরিন ব্যাংক অব আমেরিকার বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন বিষয়ে ডিগ্রিও অর্জন করেন।

হামলার মাত্র চার দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী ও নবজাতক সন্তানের সঙ্গে হাসিমুখের একটি ছবি প্রকাশ করেছিলেন এরিন। সেখানে তিনি মাতৃত্বকালীন পাঁচ মাসের ছুটি পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই পোস্টে সন্তানের নামকরণ এবং স্বামীর সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর কথাও জানিয়েছিলেন তিনি।

পুলিশ জানায়, টাইমস স্কয়ারে এক নারী হঠাৎ এরিনের ওপর ছুরি নিয়ে হামলা চালান। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। একই ঘটনায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তিও আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে পুলিশ হামলাকারীর পরিচয় শনাক্ত করে। তার নাম পামেলা সিসনেরোস, বয়স ৪৯ বছর। তিনি কুইন্সের বাসিন্দা ছিলেন। হামলার পর পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ২০১৮ ও ২০১৯ সালে সিসনেরোসকে ঘিরে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কয়েকটি ঘটনায় পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। তবে নিউইয়র্ক সিটিতে তার কোনো অপরাধের রেকর্ড ছিল না।

সিসনেরোসের ভাই প্যাট্রিক পেরালতা জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে তিনি কখনো আগ্রাসী ছিলেন না। নিয়মিত ওষুধ সেবন করতেন এবং গত কয়েক বছর তুলনামূলক ভালো ছিলেন। মাঝেমধ্যে আইনি অফিসেও কাজ করতেন বলে জানান তিনি।

ঘটনাটি এমন একটি এলাকায় ঘটেছে, যেখানে প্রচুর পর্যটকের সমাগম হয় এবং কড়া পুলিশি নিরাপত্তা থাকে। হামলার স্থানটি একটি পুলিশ স্টেশনের কাছাকাছি হওয়ায় ঘটনাটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এর আগে গত মে মাসেও টাইমস স্কয়ার এলাকায় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছিলেন।

এরিন পিয়াচেন্টির আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে শোক নেমে এসেছে। ঘটনার পূর্ণাঙ্গ কারণ খতিয়ে দেখছে নিউইয়র্ক পুলিশ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তার, মামলা ৮৬

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ডিএমপির অভিযানে ৪৩৮ গ্রেপ্তার, মামলা ৮৬

যোগফল প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৬টি মামলা দায়ের করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগে ১১৬ জন, তেজগাঁওয়ে ৭৮ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৩ জন, গুলশানে ৩৭ জন, রমনায় ৩৩ জন, উত্তরা বিভাগে ৩১ জন এবং লালবাগে ৩০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে একজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে ১ হাজার ৫৫ পিস ইয়াবা, ১৪ পুরিয়া গাঁজা, ২৬ পুরিয়া হেরোইন, নয়টি মোবাইল ফোন, একটি চাকু ও একটি কাটার উদ্ধার করা হয়। এ ছাড়া ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা এবং একটি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ডও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম