খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮ ভাদ্র, ১৪৩৩

ঢাবিতে ৪৮ টাকায় বই, সঙ্গে উপহার গাছের চারা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ঢাবিতে ৪৮ টাকায় বই, সঙ্গে উপহার গাছের চারা

যোগফল প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী বই বিক্রির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। তারুণ্যের অনুপ্রেরণা ও জ্ঞানচর্চার বিকাশে মাত্র ৪৮ টাকা প্রতীকী মূল্যে শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রি করা হয়। বইয়ের সঙ্গে দেওয়া হয় একটি করে গাছের চারা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। আয়োজকদের এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানচর্চার প্রসার এবং ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজন সম্পর্কে শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে কিছু করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে প্রতীকী মূল্য ৪৮ টাকায় যুবসমাজের উপযোগী বই বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে পরিবেশবান্ধব গাছের চারাও উপহার দেওয়া হচ্ছে।

জাহিদ হাসান শাকিল আরও বলেন, বর্তমান তরুণ সমাজের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানা এবং বই পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে তারা আনন্দিত। ভবিষ্যতেও শুভোদয় সমাজ গঠনমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শুভোদয়’-এর এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ক্যাম্পাসে বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

 যোগফল প্রতিবেদক:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আইন প্রণয়নের কাজ করছে সরকার। এ জন্য বিশেষজ্ঞদের সুপারিশ ও পরামর্শ প্রয়োজন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর নিমতলীতে এশিয়াটিক সোসাইটি আয়োজিত ‘এআই গভর্নেন্স সামারি স্কুল’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে প্রস্তাবিত আইনের খসড়ায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে। এরপর সেটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

তিনি বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে আইনের গতিপথও বদলেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। এআইয়ের অপব্যবহার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

বিচারকদের রায় লেখার ক্ষেত্রে এআই ব্যবহার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া যেতে পারে। তবে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা এবং প্রকৃত তথ্যের সঙ্গে এআইয়ের তৈরি তথ্যের যথাযথ যাচাই করতে হবে।

তিনি আরও বলেন, কোনোভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া যাবে না। এআইয়ের সুবিধা ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

যোগফল প্রতিবেদক:

জধানীর উত্তরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরায় দুদকের সহকারী পরিচালক (এডি) শাহ আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে।

তবে কী অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানে কী ধরনের অনিয়ম বা দুর্নীতির তথ্য যাচাই করা হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কি না—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, কুষ্টিয়ার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালেও দুদকের অভিযান চলছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

অভিযান শেষে অনিয়ম বা দুর্নীতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাংলাদেশে বেড়াতে এসে ফেরার পথে ভারতীয় নাগরিকের মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৬, ১:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশে বেড়াতে এসে ফেরার পথে ভারতীয় নাগরিকের মৃত্যু

 যোগফল প্রতিবেদক:

যশোরের বেনাপোলে ভারতে ফেরার পথে গৌতম মিস্ত্রি (৫৫) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বেনাপোল স্থলবন্দর এলাকায় গাড়ি থেকে নামার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত গৌতম মিস্ত্রি কলকাতার রমনী মিস্ত্রির ছেলে। তার স্ত্রী জাহানারা মিস্ত্রি জানান, গত ২২ আগস্ট তারা স্বামীকে নিয়ে বরিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ১২ দিন পর বুধবার ভারতে ফেরার উদ্দেশ্যে বেনাপোলে পৌঁছান তারা।

তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে গাড়ি থেকে নামার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গৌতম। পরে দ্রুত তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকার জিএম বাস কাউন্টারের সামনে গৌতম মিস্ত্রি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিহতের স্ত্রী তার দপ্তরে এসেছিলেন। মরদেহ হস্তান্তরের জন্য ভারতীয় হাইকমিশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ভারতীয় ইমিগ্রেশনের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম