১৪ বছর পর ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি
যোগফল প্রতিবেদক:
বরিশালের বানারীপাড়ায় শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান জুয়েলকে ১৪ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে র্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল মান্নান জুয়েল (৩৫) বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
র্যাব-৮-এর মিডিয়া কর্মকর্তা জানান, শিশুকে ধর্ষণের অভিযোগে ২০১২ সালে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জুয়েলের বিরুদ্ধে মামলা হয়। মামলার বিচার শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
তবে রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তারে বানারীপাড়া থানার পক্ষ থেকে র্যাব-৮-এর কাছে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে জুয়েলকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন