১৫ দিনের ব্যবধানে সাবেক এমপির বাড়িতে ফের চুরি
যোগফল প্রতিবেদক:
চট্টগ্রামের পটিয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) নজরুল ইসলামের বাড়িতে আবারও চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই ঘরে দ্বিতীয়বার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়।
পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম নগরে বসবাস করেন। পটিয়ার বাড়িতে কেয়ারটেকার মো. লিটন থাকতেন। তিনি অসুস্থ থাকায় বর্তমানে সাবেক এমপির ভাগনে আজাদ সেখানে অবস্থান করছিলেন। তবে মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকায় এ সুযোগে চোরেরা ঘরে ঢোকে।
নজরুল ইসলামের ভাগনে সাইফুল ইসলাম জানান, চোরেরা ঘরের আলমারি ভেঙে প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার, আইপিএসের ব্যাটারি, পিতলের বিভিন্ন সামগ্রী, জামাকাপড়সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। পরিবারের পুরোনো কিছু স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মাত্র ১৫ দিন আগেও একই ঘরে চুরির ঘটনা ঘটেছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চুরির বিষয়টি তারা জানতে পেরেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন