ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
যোগফল প্রতিবেদক:
পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত শহিদুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।
আহতরা হলেন—বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০) এবং বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে বোদা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইজিবাইক চালক শহিদুল ইসলাম। নাজিরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকটি উল্টে চালকসহ চারজন সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা শহিদুলের ওপর ট্রাকটি আবার পেছনে নেওয়া হলে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করে পুলিশ।
দুর্ঘটনার পর তেলবাহী ট্রাকটি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। পরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যান। খবর পেয়ে বোদা হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি জব্দ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। মহাসড়কে অবরোধ পরিস্থিতিও নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন