কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
যোগফল প্রতিবেদক:
ভারতের কলকাতায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতা ভ্রমণের আগে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করাসহ কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় বাংলাদেশ উপ-হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট কলকাতায় সংঘটিত অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কলকাতায় ভ্রমণকারী নাগরিকদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এসব নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে।
উপ-হাইকমিশনের নির্দেশনায় বলা হয়েছে, কলকাতায় যাওয়ার আগে সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হোটেলটির বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে জেনে ভ্রমণ করতে হবে।
চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় যাওয়া রোগীদের সঙ্গে থাকা অ্যাটেনডেন্টদেরও ভ্রমণের আগে হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হাসপাতাল থেকে হোটেলের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলকাতার স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এসব প্রতিষ্ঠান পুনরায় চালু হতে এক মাসেরও বেশি সময় লাগতে পারে।
এ পরিস্থিতিতে কলকাতায় গিয়ে আবাসনসংকটে পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের বিশেষভাবে অনুরোধ করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন