আগামী বছরের জুলাই পর্যন্ত ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন: বাণিজ্যমন্ত্রী
যোগফল প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল একবারে কার্যকর না করে ধাপে ধাপে আগামী বছরের জুলাই পর্যন্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পে-স্কেল বাস্তবায়নের কারণে বাজারে আকস্মিক মূল্যবৃদ্ধির বড় ধরনের চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের বেতন গত ১১ বছর ধরে সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতির বাস্তবতায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক। তবে নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ফলে একবারে বড় অঙ্কের অতিরিক্ত অর্থ বাজারে প্রবাহিত হবে না এবং পণ্যের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কাও কম থাকবে।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বেতন সমন্বয় না হওয়ায় সরকারি কর্মচারীদের আয় ও বর্তমান জীবনযাত্রার ব্যয়ের মধ্যে চাপ তৈরি হয়েছে। ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে এ বিষয়টি সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু সরকারি কর্মচারীদের বেতন নয়, বাজারে পণ্যের সরবরাহ, আমদানি পরিস্থিতি, উৎপাদন ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এসব বিষয় সরকার সমন্বিতভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় বিবেচনায় নিয়ে তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। সয়াবিন তেল পুরোপুরি আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়া বা কমার প্রভাব দেশের বাজারেও পড়ে।
তিনি জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসে প্রায় ৭৮ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। দুই ঈদে খোলা ট্রাকে পণ্য বিক্রির পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়মিত ওএমএস কার্যক্রমও চলছে। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না, সেটিও নজরদারি করা হচ্ছে।
চিনির বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, দেশের অন্যতম বড় রিফাইনারি মেঘনা গ্রুপের কাছে পর্যাপ্ত অপরিশোধিত চিনি মজুত রয়েছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন