‘ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতার শামিল’
যোগফল প্রতিবেদক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে এবার সরব হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।
এক দীর্ঘ বিবৃতিতে ইমরান খানের মুক্তি দাবি করে সৈয়দ আশরাফুল হক বলেন, ইমরান খান বিশ্বজুড়ে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি। পাকিস্তানের দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার উদ্দেশ্যেই তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। জনগণের কাছ থেকে দেশ পরিচালনার জন্য তিনি স্পষ্ট ম্যান্ডেটও পেয়েছিলেন।
ইমরান খানকে অমানবিক পরিবেশে কারাগারে আটকে রাখার সমালোচনা করে তিনি বলেন, মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এমন আচরণ সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। তার সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতার শামিল।
সৈয়দ আশরাফুল হক জানান, ১৯৭১ সালের ফেব্রুয়ারি থেকেই তিনি ইমরান খানকে চেনেন। সে সময় লাহোর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলতে ইমরান খান ঢাকায় এসেছিলেন। তখন তিনি ছিলেন প্রতিভাবান এক তরুণ ক্রিকেটার এবং বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচ থেকেই তাদের বন্ধুত্বের শুরু বলে জানান তিনি।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর ইংল্যান্ডে দুজনই পড়াশোনা করার সময় নিয়মিত তাদের দেখা হতো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিবল কলেজে ইমরান খানের সঙ্গে তার দেখা হতো। এছাড়া ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তান ক্রিকেট দলের সফরের সময়ও তাদের সাক্ষাৎ হয়েছে। ইমরান রাজনীতিতে যোগ দেওয়ার পরও তাদের বন্ধুত্ব অটুট ছিল।
সৈয়দ আশরাফুল হক বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পরবর্তী সময়ে ইমরান খানের জীবন নিয়ে তিনি শঙ্কিত থাকতেন। তবে ইমরান ছিলেন ধর্মভীরু ও নীতিবান ব্যক্তি। তার দাবি, ১৯৭১ সালে পাকিস্তানের সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত—এ কথা জোরালোভাবে বলা প্রথম পাকিস্তানি রাজনীতিবিদদের একজন ছিলেন ইমরান খান।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী আরও বলেন, ইমরান খান চাইলে স্বাচ্ছন্দ্যের জীবন বেছে নিতে পারতেন। কিন্তু নিজের নীতির কারণে তিনি অনেক কিছু ত্যাগ করেছেন এবং পাকিস্তানের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন।
ইমরানের বর্তমান পরিস্থিতিকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া আসছে। ইমরান খানের জন্য কিছুটা স্বস্তি বা মুক্তির ব্যবস্থা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করার আহ্বান জানান তিনি।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন