মাদারীপুরে পরিত্যক্ত ঘরে আবারও বোমা বিস্ফোরণ, আতঙ্ক
যোগফল প্রতিবেদক:
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর গ্রামে একটি পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে স্থানীয় রাজ্জাক মোল্লার বাড়ির পরিত্যক্ত একটি ঘরে এ বিস্ফোরণ ঘটে। বাড়িটিতে বর্তমানে কেউ বসবাস করেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক মোল্লার সঙ্গে জাকির মোল্লার জমি-জমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে। এরই জেরে রাজ্জাক মোল্লার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
রাতের বেলা হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাজ্জাক মোল্লা অভিযোগ করে বলেন, তাকে ফাঁসাতে জাকির মোল্লার লোকজন তার পরিত্যক্ত ঘরের সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির মোল্লা। তিনি বলেন, রাতের বেলা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তারা তা জানেন না। তাদের বিরুদ্ধে কেন অভিযোগ করা হচ্ছে, সেটিও তিনি বুঝতে পারছেন না। বরং তাদের ফাঁসাতে এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে দাবি করেন তিনি। তিনিও ঘটনার সঠিক তদন্ত দাবি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকায় আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন