দিলারা জামানের বাড়ি দখলের পুরোনো ঘটনা নিয়ে যা বললেন অভিনেত্রী
যোগফল প্রতিবেদক:
বরেণ্য অভিনেত্রী দিলারা জামানের বাড়ি ভাড়াটের হাতে দখল হয়ে যাওয়ার পর তিনি বর্তমানে ছোট একটি বাসায় ভাড়া থাকেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি বিভ্রান্তিকর বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, বাড়ি দখলের ঘটনা সত্য হলেও সেটি প্রায় ২২–২৩ বছর আগের। বর্তমানে তিনি নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দিলারা জামানের নামে একটি বক্তব্যসহ ওই ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এতে দাবি করা হয়, বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি নির্মাণ করেছিলেন তিনি। পরে দেনা পরিশোধের জন্য বাড়িটি ভাড়া দিলেও ভাড়ার টাকা পাননি এবং একপর্যায়ে ভাড়াটে বাড়িটি দখল করে নেয়। বর্তমানে তিনি ছোট একটি বাসায় ভাড়া থাকেন বলেও দাবি করা হয়।
বিষয়টি ছড়িয়ে পড়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তবে খবরটি দেখে বিস্মিত হন দিলারা জামান। তিনি বলেন, মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।
অভিনেত্রী জানান, বাড়ি দখলের ঘটনাটি বর্তমান সময়ের নয়। ঘটনাটি ২০০৩–২০০৪ সালের দিকে, যখন তিনি ঢাকার শ্যামলী এলাকায় বসবাস করতেন। সেখানে তাঁর পৈতৃক বাড়ি ছিল এবং বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন।
দিলারা জামানের ভাষ্য, একপর্যায়ে ওই বাড়ি দখলের পরিস্থিতি তৈরি হয়েছিল। বিষয়টি নিয়ে তখন সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের মধ্যে নড়েচড়ে বসার পরিস্থিতি তৈরি হয়। পরে বাড়িটি দখলের চেষ্টা সফল হয়নি।
পরবর্তীতে শ্যামলীর সেই বাড়িটি বিক্রি করে দেন অভিনেত্রী। ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন তিনি। সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কিনে এরপর থেকে সেখানেই বসবাস করছেন।
দুই মেয়ে দেশের বাইরে থাকায় মাঝেমধ্যে তাঁদের কাছে গেলেও বর্তমানে খুব একটা বিদেশে যাওয়া হয় না বলে জানান দিলারা জামান। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকছেন তিনি।
প্রায় দুই যুগ আগের একটি ঘটনা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর প্রশ্ন, এত বছর পর হঠাৎ করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য কীভাবে সামনে এলো, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন