ইতালিতে হামলার ঘটনায় থানায় যাচ্ছেন বাঁধন
যোগফল প্রতিবেদক:
ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগে স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার পরবর্তী পরিস্থিতি জানান বাঁধন। তিনি বলেন, গতকাল থেকে অনেকেই ফোন করে তার খোঁজখবর নিচ্ছেন। সবাইকে আশ্বস্ত করে তিনি জানান, বর্তমানে তিনি ভালো আছেন।
বাঁধন বলেন, তিনি কোনো পরিস্থিতিতেই মাথা নত করেন না এবং তাকে ভেঙে ফেলা সহজ নয়। ঘটনার পর ইতালির পুলিশ তাকে সহযোগিতা করেছে বলেও জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনার পর সোমবার রাতে ইতালির পুলিশ তাকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেয়। পরে বাংলাদেশের দূতাবাস থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং দূতাবাসের প্রতিনিধিরা তার কাছে আসছেন বলে জানান তিনি।
মামলার বিষয়ে বাঁধন বলেন, তিনি স্থানীয় থানায় গিয়ে মামলা করবেন। তার কাছে ঘটনার বিভিন্ন প্রমাণ রয়েছে এবং হামলায় জড়িত অনেককে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানকালে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার অভিযোগ, কয়েকজন ব্যক্তি তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তার মোবাইল ফোনও ফেলে দেওয়া হয় বলে জানান তিনি।
বাঁধনের আরও অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও একদল ব্যক্তির সঙ্গে তার বাগ্বিতণ্ডা ও হেনস্তার দৃশ্য দেখা গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন