খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন, ১৪৩৩

মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কী

হেদায়েত উল্লাহ তুর্কী

মেহেদী হাসান রিপন | যোগফল প্রতিবেদক:

গ্রামের মেঠো মাঠে ক্রিকেটের হাতেখড়ি থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (DPL)—একসময় ব্যাট-বল হাতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সান্নিধ্য পেয়েছেন ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, সনথ জয়সুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা ও মোহাম্মদ আশরাফুলের মতো বিশ্বখ্যাত ও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। তবে কালের পরিক্রমায় সেই মাঠের অলরাউন্ডার আজ বিনোদন জগতের বহুমাত্রিক তারকা। তিনি মো. হেদায়েত উল্লাহ তুর্কী।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-র মাধ্যমে টিভি পর্দায় যাত্রা শুরু করা হেদায়েত তুর্কী এ পর্যন্ত চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘সেন্টিমেন্টাল সেলিম’, ‘দাদো’, ‘মধুপুর’, ‘বউ বিরোধ’ ও ‘মহাজন’-এর মতো নাটকগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনায়ও তিনি সিদ্ধহস্ত। সম্প্রতি তাঁর রচনা ও পরিচালনায় পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের কাজ শেষ হয়েছে, যেখানে অভিনয় করেছেন শতাধিক শিল্পী।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপালি পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হেদায়েত তুর্কী। সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘সুলতানপুর’, ‘মাফিয়া’, ‘গ্যাং স্টার’, ‘জামদানী’ ও ‘তাণ্ডব’-সহ প্রায় ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ অবলম্বনে অনুদানের চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি আগামী ডিসেম্বরে নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত শর্টফিল্ম ‘প্রশ্ন’ ইউনেস্কোসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পুরস্কার অর্জন করেছে।

অভিনয় ও নির্মাণের বাইরে বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা ও রিয়্যালিটি শোতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, দীপা খন্দকারদের নিয়ে নির্মিত ৩২টি বিজ্ঞাপনচিত্রের পরিচালক তিনি। তাঁর উপস্থাপনা ও পরিকল্পনায় সেলিব্রিটি টকশো ‘গরীবের দুয়ারে হাতীর পা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। একই সঙ্গে এনটিভির কমেডি শো ‘হাশো’, এটিএন বাংলার ‘ফেস অব এশিয়া’ ও এশিয়ান টেলিভিশনের ‘মিস প্লাস বাংলাদেশ’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, মাগুরা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের সন্তান হেদায়েত উল্লাহ তুর্কীর বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা এবং মা রত্নগর্ভা কামরুজ্জাহান রেখা। মিডিয়ার গ্ল্যামার ও সাংস্কৃতিক ব্যস্ততার বাইরে বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে আইন (এলএলবি) বিষয়ে পড়াশোনা করছেন।

অনলাইন ডেস্ক 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি
 মো: সিমান্ত তালুকদার 

বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে চত্বরে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধ আওয়ামী সংগঠনের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, ফলে সীমিত আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ে। তাই জনস্বার্থে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করে দ্রুত কমানোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের প্রতিটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো উল্লেখ করে বক্তারা বলেন, অপরাধী যে পক্ষেরই হোক, তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠন যেন হয়রানির শিকার না হয়, সেটিও নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আনম আয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠক হৃদয়, রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

অনলাইন ডেস্ক 

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করছি, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, প্রক্টর ড. এসএম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আইন বিভাগ বনাম ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৩:১০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও

কর্মচারী উত্তম সরকার এর ছবি

সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উত্তম সরকার উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৩১ জুলাই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ক্রেডিট ইউনিয়ন সূত্রে জানাগেছে।

উত্তম সরকার ওই ক্রেডিট ইউনিয়নে অর্থ আদায়কারি পদে চাকরি করতেন। তিনি কোটালীপাড়া উপজেলার বান্দল গ্রামের নিমাই সরকারের ছেলে। 

কোটালীপাড়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন সূত্রে জানাগেছে,২০১৮ সালের মে মাসে উত্তম সরকারকে ওই ক্রেডিট ইউনিয়নে অর্থ আদায়কারি পদে নিয়োগ দেওয়া হয়।নিয়োগ পাওয়ার পরে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক কর্মচারীর জামানত ও ঋণের কিস্তির টাকা ক্রেডিট ইউনিয়নের ফান্ডে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করতে থাকে।

গত জুলাই মাসে ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে উত্তম সরকারের কাছে টাকার হিসাব চাওয়া হলে তিনি গা ঢাকা দেয়। পরবর্তীতে ক্রেডিট ইউনিয়ন পরিচালনা পর্ষদ সদস্যরা  ফান্ডে রক্ষিত অর্থ ও ক্যাশ বই মিলিয়ে প্রায় ১ কোটি টাকার গড়মিল পান ।এ ১ কোটি টাকা নিয়ে উত্তম সরকার উধাও হয়েছে বলে ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

পিঞ্জুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বারুরী বলেন, আমি ২৪ হাজার টাকা ও আমার স্ত্রীর নামে ৫৫ হাজার টাকা ক্রেডিট ইউনিয়নে জামানত রেখেছিলাম।কিন্তু এই টাকা উত্তম সরকার ক্যাশ বইতে পোস্টিং না দিয়ে আত্মসাৎ করেছে।

কোটালীপাড়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম বিশ্বাস বলেন, আমার ১ লক্ষ ১৮ হাজার টাকা ক্যাশ বইতে জমা না দিয়ে উত্তম আমার টাকা মেরে দিয়েছে।এই টাকা আমার খুবই কষ্টের টাকা। আমি আমার টাকা ফেরত চাই। 

ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষক আবু জাফর হাওলাদার বলেন, আমার ১ লক্ষ ৬৪ হাজার টাকা উত্তম আত্মসাৎ করেছে। অল্প অল্প করে সঞ্চয়ের মধ্য দিয়ে আমি ক্রেডিট ইউনিয়নে এই টাকা জমা রেখেছিলাম। কিন্তু উত্তম এ টাকা ক্যাশ বইতে জমা করেনি। শুধু আমার পাস বইতে উঠিয়ে দিয়েছে। এখন আমরা উত্তমকে খুঁজে পাচ্ছি না। তাকে খুঁজে না পেলে আমি এই কষ্টের টাকাও পাবো না।আমরা চাই উত্তম ফিরে এসে আমাদের হিসাব নিকাশ বুঝিয়ে দিয়ে যাক। 

এ বিষয়ে জানার জন্য উত্তমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।তবে তিনি গোপন স্থান থেকে মুঠোফোনে সাংবাদিকদের সাথে আলাপ কালে অর্থ আত্মসাতের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন।

তিনি বলেন, আমি দৈনিক ঋণের কিস্তি বা জামানতের যে টাকা আদায় করতাম তা ম্যানেজার ইদ্রিসুর রহমানের কাছে জমা দিতাম।এখানে অর্থ আত্মসাতের আমার কোন সুযোগ নেই। 

ইদ্রিসুর রহমান বলেন, উত্তম সরকার যে কথাটি বলেছে তা সম্পূর্ণ মিথ্যা। দৈনিক যে অর্থ আদায় হতো তা ক্যাশ বইতে লিখে উত্তমের  ব্যাংকে জমা দেয়ার কথা ছিল।কিন্তু উত্তম সব সদস্যের বেলায় এই কাজটি করেনি।আমাদের ক্রেডিট ইউনিয়নে ৭৯৫ জন সদস্য রয়েছে। তাদের মধ্য থেকে প্রায় শতাধিক সদস্যের টাকা ও মেরে দিয়েছে। এ ছাড়া গত ডিসেম্বর মাসে আমি ম্যানেজারের পদ থেকে পদত্যাগ করেছি।

কোটালীপাড়া মাধ্যমিক শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভাপতি সরওয়ার হোসেন তালুকদার বলেন, আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে যতটুকু সত্যতা পেয়েছি তাতে উত্তম সরকারই অর্থ আত্মসাৎ করেছে বলে প্রমাণিত হয়। তা ছাড়া সে যদি টাকা আত্মসাৎ না করেই থাকেন তাহলে সে আত্মগোপনে রয়েছেন কেন?

এ বিষয় নিয়ে আমরা উত্তমের বাবার সঙ্গে কথা বলেছি। তিনি সামাজিক ভাবে বিষয়টি ফায়সালা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে উত্তমের পরিবারের পক্ষ থেকে ফায়সালা না দিলে আমরা আইনি পদক্ষেপ নিবো।

অনলাইন ডেস্ক