কেমোথেরাপির মাঝেই শুটিংয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির
ছবি সংগৃহীত:
নিজস্ব প্রতিবেদক:
মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসা শেষে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এবার আবারও ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফেরেন অভিনেত্রী। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত বিশ্রাম ও চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত শনিবার বিকেলে ফেসবুক লাইভে এসে নিজের শারীরিক অবস্থার কথা জানান তানিয়া বৃষ্টি। তিনি বলেন, আগের তুলনায় এখন অনেকটাই ভালো আছেন। তবে চিকিৎসা প্রক্রিয়া এখনো চলছে।
লাইভে এক দর্শকের প্রশ্নের জবাবে তানিয়া জানান, বর্তমানে তার কেমোথেরাপি চলছে। ছয় মাসের চিকিৎসা চক্রের মধ্যে ইতোমধ্যে তিন মাস শেষ হয়েছে এবং এখন চতুর্থ মাস চলছে। আরও দুই মাস কেমোথেরাপি নেওয়ার পর কিছু শারীরিক পরীক্ষা করানোর কথা রয়েছে।
দীর্ঘদিন শুটিং থেকে দূরে থাকার পর আবারও কাজে ফেরার আগ্রহের কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, চলতি মাস থেকেই শুটিংয়ে ফেরার ইচ্ছা রয়েছে তার। এ বিষয়ে কথাবার্তাও চলছে। শুটিং শুরু করলে বিষয়টি সবাইকে জানিয়ে দেবেন বলেও জানান তিনি।
তানিয়া বলেন, অসুস্থতার কারণে প্রায় নয় মাস ক্যামেরার সামনে দাঁড়াতে পারেননি। তবে এখন শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো হওয়ায় কাজে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
অসুস্থতার সময়ে ভক্ত ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সমর্থনের কথাও স্মরণ করেন তানিয়া। যারা তার জন্য দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন এবং অভিনয়ে ফেরার অপেক্ষায় ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এদিকে তানিয়ার অভিনয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন তার নতুন কাজের দর্শক ও নির্মাতারাও। তার হাতে রয়েছে রায়হান খান পরিচালিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’। এতে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন ও উপমা।

আপনার মতামত লিখুন