খাদ্যের ভালো মজুত রয়েছে, বাজার মূল্য নিয়ন্ত্রণে কাজ করছি: খাদ্যমন্ত্রী
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশে খাদ্যের ভালো মজুত রয়েছে। এখন পর্যন্ত খাদ্যপণ্যের বাজারমূল্য নিয়ে কোনো সমস্যা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইলো বিশ্ব খাদ্য গোডাউন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিষয় পরিদর্শনের অংশ হিসেবে সাইলো বিশ্ব খাদ্য গোডাউন পরিদর্শনে এসেছেন জানিয়ে মন্ত্রী বলেন, খাদ্য বিভাগকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
গোডাউনে কোনো সমস্যা বা অনিয়ম রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আফরোজা খানম রিতা বলেন, ‘এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা পাইনি। মোটামুটি সব ঠিকঠাক আছে। আর কাজ করতে গেলে কিছু সমস্যা থাকবে। এসব সমস্যা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। দ্রুতই সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।’
নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট প্রসঙ্গে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী বলেন, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। তাই সিন্ডিকেট কথাটা বললে মনে হয় সিন্ডিকেটকে আরও উৎসাহিত করা হবে।’
পরিদর্শনের সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো, মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের ডিজি জামাল হোসেন, পরিচালক চলাচল ও সংরক্ষণ সাইলোর দায়িত্বে থাকা আব্দুল সালাম, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ঢাকা মাইন উদ্দিন, সাইলোর সুপার মো. রিয়াজুল আলম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন