নওগাঁয় নারী হত্যা মামলায় আসামির যাবজ্জীবন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁয় কোহিনুর বেগম হত্যা মামলায় সোহেল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ নওগাঁ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কোহিনুর বেগমের স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সময় তিনি বাড়িতে একা ছিলেন। পূর্বপরিচিত হওয়ায় সোহেল রানার ওই বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।
ঘটনার দিন সোহেল রানা কোহিনুরের বাড়িতে প্রবেশ করে ড্রিল মেশিন দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় কোহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় কোহিনুরের স্বামী মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান বলেন, মামলার বিচারকাজে সাক্ষীদের জবানবন্দি, চিকিৎসা প্রতিবেদন, আসামির সঙ্গে নিহতের পূর্বপরিচয় এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করেন আদালত।
এসব প্রমাণে সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন।
জরিমানার অর্থ আদায় হলে তা মামলার এজাহারকারীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক/ যোগফল. কম

আপনার মতামত লিখুন