ছিনতাইকারী আটক করতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
যোগফল প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারী কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন ও তার সহযোগী সাগরকে আটক করেছে পুলিশ। তাদের আটক করতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মাহমুদ (৪৬) নামে টঙ্গী পশ্চিম থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে টঙ্গীর খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তার সহযোগী সাগর (২৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল খরতৈল এলাকায় ছিনতাইবিরোধী অভিযান চালায়। এ সময় শাওন ও সাগরকে হাতেনাতে আটক করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়।
একপর্যায়ে শাওনের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত অবস্থায়ও হানিফ মাহমুদ শাওনকে আটক করতে সক্ষম হন। পরে সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় শাওন ও সাগরকে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের সহযোগিতায় আহত পুলিশ কর্মকর্তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন